শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অবসরকালীন আনুতোষিক, থানায় যাতায়াত ভাতা ও মোবাইল ফোনের খরচও বাড়ানো হয়। ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে এসব ঘোষণা দেন তিনি। এ সময় দেশের প্রতিটি ইউনিয়ন ও গ্রামের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ে নিরাপত্তা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের কোথায় কী ঘটছে, কারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে কিংবা কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে কি না, এসব বিষয়ে গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সুবাদে আগাম তথ্য পেতে পারেন। এসব তথ্য দ্রুত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব।

তারেক রহমান বলেন, দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন নিরাপদ থাকলে পুরো বাংলাদেশ নিরাপদ থাকবে। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও স্বস্তি বজায় রাখা গেলে তার ইতিবাচক প্রভাব জাতীয় পর্যায়েও পড়বে। শহরায়ন ও নগরায়ন বাড়লেও দেশের অধিকাংশ মানুষের শিকড় এখনও গ্রামকেন্দ্রিক। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গ্রামীণ জীবনের গভীর সম্পর্ক রয়েছে। তাই উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে গ্রামাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে শুধু রাজনৈতিক ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়নি, সমাজেও ব্যাপক অবক্ষয় ঘটেছিল। বিভিন্ন স্বার্থ ও গোষ্ঠীগত দ্বন্দ্বকে উসকে দিয়ে দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা এবং পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করা হয়েছিল। এর প্রভাব পরিবার থেকে শুরু করে তৃণমূল সমাজ পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় প্রতিশোধ ও প্রতিহিংসার পরিস্থিতি তৈরি হয়।

এ ধরনের পরিস্থিতি থেকে সমাজকে বের করে আনতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার চর্চা ফিরিয়ে আনতে হবে। এসব মূল্যবোধ সমাজে পুনঃপ্রতিষ্ঠিত হলে সামাজিক অপরাধ অনেকাংশে কমে আসবে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই আইনসম্মত, মানবিক, নিরপেক্ষ ও জনবান্ধব হতে হবে। একটি নিরাপদ ইউনিয়ন বা গ্রাম গড়ে তুলতে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা, দায়িত্বশীল গ্রাম পুলিশ এবং সচেতন জনগণের অংশগ্রহণ প্রয়োজন। এই তিন পক্ষের মধ্যে সমন্বয় যত ভালো হবে, গ্রাম ও ইউনিয়নগুলো তত বেশি শান্তিপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। তাদের অনেক কাজ সংবাদপত্রের শিরোনাম হয় না। কিন্তু দায়িত্ব পালনের সময় তাদের নেওয়া একটি বিচক্ষণ সিদ্ধান্তও স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গ্রাম পুলিশ সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় ১৯৯৫ সালে প্রথমবারের মতো গ্রাম পুলিশের জন্য ঈদ বোনাস চালুর ঘোষণা দেওয়া হয়েছিল এবং তা কার্যকর হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও সারা দেশের ৪০ হাজারের বেশি গ্রাম পুলিশ সদস্য ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ তাদের মাসিক বেতন বেড়েছে ৩ হাজার টাকা। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানদের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অবসরকালীন আর্থিক সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা অবসরের পর আগে ৭০ হাজার টাকা আনুতোষিক পেতেন। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। একইভাবে গ্রাম পুলিশ প্রধানদের অবসরকালীন আনুতোষিক ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়।

তথ্য আদান-প্রদান ও যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মোবাইল ফোনের খরচ বাবদ মাসে ১৫০ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দায়িত্ব পালনের প্রয়োজনে স্থানীয় থানায় যাতায়াতের ভাতাও বাড়ানো হয়েছে। আগে সাধারণ গ্রাম পুলিশ সদস্যরা থানায় সাপ্তাহিক হাজিরার জন্য ৩০০ টাকা পেতেন। নতুন সিদ্ধান্তে তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়। গ্রাম পুলিশ প্রধানদের ক্ষেত্রে এই ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নের বিষয়েও নতুন উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে আরও দুইজন নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নারী গ্রাম পুলিশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে নারী গ্রাম পুলিশ সদস্যদের মাতৃত্বকালীন ছয় মাসের ছুটি নির্ধারণের ঘোষণাও দেন তিনি।

গ্রাম পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি ও কার্যক্রমকে আরও গুরুত্ব দিতে প্রতিটি ইউনিয়নের একটি দীর্ঘ সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রী। এসব সড়কে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গাছ লাগানো হবে। পরবর্তী সময়ে গাছগুলো বড় হলে বিক্রি করে পাওয়া অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

এছাড়া গ্রাম পুলিশ সদস্যদের সাইকেল সরবরাহের সময়সীমা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে প্রতি পাঁচ বছর পরপর তাদের একটি করে বাইসাইকেল দেওয়া হয়। এই সময়সীমা কমিয়ে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে নিয়ে আসার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এতে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যাতায়াত সুবিধা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Ads small one

অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হলো পরীমণিকে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হলো পরীমণিকে

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমণির ঘটনার ১৭ দিন আগেই তার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে চুক্তি হয়েছিল। তবে সংবাদমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন আয়োজকরা।

এর আগে, গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমণি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

পরে পোস্টারটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ফারুক মুনির।

ফারুক মুনির লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’

তার এই বক্তব্যের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পরীমণিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন আয়োজকরা।

আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
বিএনপির র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপির র‌্যালি। এতে অংশ নিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে র‌্যালিটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

কর্মসূচি উপলক্ষে নয়াপল্টনে সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।

খণ্ড-খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে সকাল থেকেই নয়াপল্টনে আসে নেতা-কর্মীরা। এসময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে-স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শোভাযাত্রার শুরুতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এবং শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্যগণ বক্তব্য দেন।

সমাবেশ শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই এ সুসজ্জিত শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। এরপর রাজধানীর নির্ধারিত সড়কগুলো পেরিয়ে সেটি গিয়ে থামে মানিক মিঞা অ্যাভিনিউতে। পুরো শোভাযাত্রা যেন সুশৃঙ্খল ও শান্ত পরিবেশেই সম্পন্ন হয়, সেজন্য দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো প্রস্তুতি। রাস্তায় চলাচলের নিয়ম ও নিয়মশৃঙ্খলা ধরে রাখতে সচেষ্ট আছেন বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবীরা।

পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আশপাশের পুরো এলাকাজুড়ে কড়া নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের কেন্দ্রীয় নেতারা।

১৯৭৫ সালের আজকের দিনে সিপাহী-জনতার বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। অপরদিকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এ দিনে জেনারেল জিয়াউর রহমান দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর সেনাবাহিনীর ভেতর ও বাইরে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যেও জিয়াউর রহমান দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যান।

ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্টে তৎকালীন সরকারপ্রধান শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করেন। নিজেকে সেনাপ্রধান হিসেবে ঘোষণা দিয়ে ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেফতার করে মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ। প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দেশের প্রেসিডেন্টের পদে বসান। ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

সেই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়ে সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে। সিপাহি-জনতার মিলিত সেই বিপ্লবে বন্দি অবস্থায় থেকে মুক্ত হন জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন অনুসারীসহ প্রাণ হারান খালেদ মোশাররফ। অভূতপূর্ব এক সংহতির নজির সৃষ্টি হয় দেশের রাজনীতিতে। জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি

চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যোগ দিতে যাচ্ছেন একজন পাকিস্তানি নভোচারী। বেইজিংয়ের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) শনিবার (৭ নভেম্বর) এক ঘোষণায় নিশ্চিত করেছে, চীনের পরবর্তী কক্ষপথ অভিযানে অংশ নিয়ে ইতিহাস গড়বেন এই পাকিস্তানি নভোচারী।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে পাকিস্তানি নভোচারীদের জন্য চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়। সিএমএসএ জানিয়েছে, ওই পাকিস্তানি নভোচারী ‘শেনঝৌ-২৪’ ক্রুদের সঙ্গে মহাকাশের উদ্দেশ্যে উড্ডয়ন করবেন। সংস্থাটি থেকে যাত্রার নির্দিষ্ট তারিখ জানানো না হলেও চলতি বছরের শেষের দিকেই এই অভিযান অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

সিএমএসএ আরও জানায়, চীনা ক্রুদের সঙ্গে যোগ দেওয়া পাকিস্তানি নভোচারী একজন ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। মে মাসে ‘তিয়াংগং’ মহাকাশ স্টেশনে ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানের সঙ্গে পৃথিবীতে ফেরার আগে তিনি একটি স্বল্পমেয়াদী কক্ষপথ ফ্লাইটে অংশ নেবেন।

সংস্থাটি ওই ক্রু সদস্যের নাম প্রকাশ না করলেও গত এপ্রিলে জানিয়েছিল যে, চীনে প্রশিক্ষণের জন্য মুহাম্মদ জিশান আলী এবং খুররাম দাউদ নামে দুই নভোচারীকে নির্বাচন করা হয়েছে। দুজন পাইলটই ম্যান্ডারিন ভাষা শিক্ষা গ্রহণ করেছেন, যাতে তারা চীনা ক্রুদের সঙ্গে সাবলীলভাবে যোগাযোগ করতে পারেন এবং মহাকাশযানের সম্পূর্ণ চীনা ভাষার ইন্টারফেস পরিচালনা করতে পারেন। উৎক্ষেপণ ও পুনর্বিন্যাসের সময় প্রচণ্ড মহাকর্ষীয় শক্তি সহ্য করার জন্য প্রার্থীদের উচ্চ-জি সেনট্রিফিউজ ড্রিল অনুশীলন করতে হয়েছে। বেইজিংয়ের প্রশিক্ষণ কেন্দ্রে তাদের পাঠ্যক্রমের মধ্যে ছিল মাইক্রোগ্র্যাভিটি প্রোটোকলে দক্ষতা অর্জন, মহাকাশ স্টেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ অনুশীলন এবং তিয়াংগং মহাকাশ স্টেশনের ভেতরে ওজনহীন অবস্থায় কীভাবে খাওয়া, ঘুমানো ও চলাফেরা করতে হয় তা শেখা।

সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তার প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে মহাকাশ কর্মসূচিতে বিপুল বিনিয়োগ করেছে এবং ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ২০২৫ সালের চুক্তির বরাতে সে সময় জানিয়েছিল, চীনে প্রশিক্ষণ শেষে আগামী ‘কয়েক বছরে’ পাকিস্তানি নভোচারীরা চীনা সহকর্মীদের সঙ্গে একাধিক স্বল্পমেয়াদী মিশন পরিচালনা করবেন।

সূত্র: উইয়ন নিউজ