জলবায়ু সহনশীলতায় স্থানীয় বাস্তবতা: উপকূলীয় বাংলাদেশের একটি দৃষ্টিভঙ্গি
মৃত্তিকা এলাহী
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত সমস্যা নয়, এটি তাদের দৈনন্দিন জীবন, জীবিকা, শিক্ষা, নিরাপত্তা এবং ভবিষ্যতের সঙ্গেও সম্পর্কিত। তাই পরিবর্তিত জলবায়ু পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া উপকূলীয় জনগোষ্ঠীর জন্য একটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ।
বছরের পর বছর ধরে বাংলাদেশ জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় জনগোষ্ঠী—সবাই মিলে ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। জরুরি ত্রাণ, জীবিকা সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু অভিযোজনমূলক বিভিন্ন কার্যক্রম কঠিন সময়ে বহু পরিবারকে সহায়তা করেছে। এসব উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে আমরা যখন সহনশীলতার কথা বলি, তখন হয়তো শুধু কতটা সহায়তা দেওয়া হচ্ছে, তার বাইরে গিয়েও ভাবতে হবে। আমাদের দেখতে হবে, সেই সহায়তা মানুষের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি টেকসই পথ তৈরি করে দিতে পারছে কি না।
আমার একটি প্রকল্পের সময় একটি উপকূলীয় জনগোষ্ঠীর নারীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তাদের কয়েকজন বলেছিলেন, তাদের বাড়িতে ইতোমধ্যে পর্যাপ্ত সেলাই মেশিন রয়েছে। কিন্তু সেই সেলাই মেশিনে উৎপাদিত পণ্য কেনার মতো পর্যাপ্ত ক্রেতা নেই। একটি ছোট্ট গ্রাম, যেখানে অধিকাংশ মানুষই মোটামুটি দারিদ্র্েযর মধ্যে বসবাস করে। তাদের জীবনযাত্রার মান উন্নত করার উদ্দেশ্যে সবাইকে সেলাই মেশিন ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে—তারা যে পণ্য তৈরি করবে, সেগুলো কিনবে কে? সেই পণ্য বিক্রির জন্য পর্যাপ্ত ক্রেতা বা বাজার কি আদৌ ওই এলাকায় আছে?
অর্থাৎ, তাদের উৎপাদন ক্ষমতা তৈরি করা হলেও সেই পণ্য বিক্রি করার জন্য প্রয়োজনীয় বাজারব্যবস্থা কি তৈরি করা হয়েছে? আমরা জানি, শুধু দক্ষতা বা উৎপাদনের সক্ষমতা তৈরি করলেই একটি উদ্যোগ সফল বা টেকসই হয় না; উৎপাদিত পণ্যের জন্য বাজার, ক্রেতা এবং কার্যকর বাজারসংযোগও প্রয়োজন। একটি জীবিকার সুযোগ তখনই টেকসই হয়ে ওঠে যখন মানুষ শুধু প্রশিক্ষণ বা কোনো সম্পদ নয় ; বরং তখনই সেটি টেকসই হয়, যখন সেই সুযোগ ব্যবহার করে বাস্তবে আয় করার একটি পথও তৈরি হয়। তাই বাজারে প্রবেশের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জনগোষ্ঠীর উৎপাদন করার দক্ষতা ও সম্পদ থাকতে পারে, কিন্তু ক্রেতা এবং উপযুক্ত বাজারের সঙ্গে সংযোগ না থাকলে টেকসই আয় তৈরি করা কঠিন হতে পারে। আমার সেই প্রকল্পে সেই মানুষগুলো তাই জানতে চেয়েছিলেন, এর পরিবর্তে তাদের কমিউনিটিতে থাকা পুকুরগুলোকে আরও কার্যকরভাবে ব্যবহার করার বিষয়ে কোনো সহায়তা দেওয়া সম্ভব কি না। তাদের কাছে সেটি জীবিকার জন্য আরও বেশি কার্যকর, বলে মনে হয়েছিল।
তাদের এই কথা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে—জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষ শুধু সহায়তা গ্রহণকারী নন; তারা নিজেদের পরিবেশ, সম্পদ এবং প্রয়োজন সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ, তাই আমাদের কার্যকর ও টেকসই সমাধানের শুরু হওয়া উচিত তাদের কথা তাদের দৃষ্টিকোণ থেকে শোনা এবং তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে।
দুর্যোগের সময় এবং দুর্যোগের পরপরই ত্রাণ অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। খাবার, আশ্রয়, নগদ অর্থ ও অন্যান্য জরুরি সহায়তা একটি সংকটের সময়ে পরিবারগুলোকে টিকে থাকতে সাহায্য করে। কিন্তু ত্রাণের প্রকৃতিই হলো এটি সাময়িক। জরুরি পরিস্থিতি শেষ হওয়ার পরও মানুষকে ঘরবাড়ি পুনর্গঠন করতে হয়, পরিবারের ভরণপোষণ করতে হয়, সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে হয় এবং ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য প্রস্তুত হতে হয়। তাই দীর্ঘমেয়াদি সহনশীলতা তৈরি করতে শুধু স্বল্পমেয়াদি সহায়তা যথেষ্ট নয় এর বাইরে গিয়েও আমাদের ভাবা উচিত।
দক্ষতা উন্নয়ন ও জীবিকা সহায়তা তাদের জন্য মূল্যবান সুযোগ নিশ্চয়ই তৈরি করতে পারে, তবে, কোনো উদ্যোগ সফল করতে হলে সেটিকে অবশ্যই সেই এলাকার বাস্তবতার সঙ্গে মিল রেখে পরিকল্পনা করা প্রয়োজন। কী ধরনের সহায়তা দেওয়া হবে, তা ঠিক করার আগে স্থানীয় পরিবেশ, বিদ্যমান সম্পদ, মানুষের দক্ষতা এবং অর্থনৈতিক সুযোগগুলো বোঝা যেমন জরুরি, তেমনি স্থানীয় মানুষের কথা শোনা এবং তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
তাই জলবায়ু সহনশীলতার কথা ভাবার সময় শুধু মানুষ কী উৎপাদন করতে পারবে তা নয়, সেই উৎপাদন কীভাবে বাস্তব অর্থনৈতিক সুযোগের সঙ্গে যুক্ত হবে, সেটিও বিবেচনা করা প্রয়োজন। সেই পণ্য কীভাবে তারা বিক্রি করবে এবং তাদের উৎপাদিত পণ্যের জন্য পর্যাপ্ত বাজারব্যবস্থা ও ক্রেতা রয়েছে কি না, সেটি বিবেচনা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।.
একইভাবে আমাদের মাথায় রাখতে হবে, এর অর্থ এই নয় যে প্রতিটি জীবিকা কার্যক্রমকে একই পদ্ধতিতে পরিচালনা করতে হবে। উপকূলীয় জনগোষ্ঠীগুলো একে অপরের থেকে ভিন্ন, এবং এক জায়গায় যে পদ্ধতি কার্যকর, অন্য জায়গায় সেটি একইভাবে কাজ নাও করতে পারে। কোনো কোনো এলাকায় পুকুর, কৃষিজমি, স্থানীয় জ্ঞান বা অন্যান্য সম্পদ থাকতে পারে, যেগুলো জলবায়ু সহনশীল জীবিকার ভিত্তি হিসেবে কাজে লাগানো সম্ভব। যেখানে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে উপযোগী, সেখানে নতুন দক্ষতা ও অর্থনৈতিক সুযোগের পাশাপাশি এসব স্থানীয় সম্পদের সম্ভাবনাও বিবেচনা করা যেতে পারে। মূল বিষয় হলো—কোনো একটি এলাকায় বাস্তবে কী করা সম্ভব, সেটি বোঝা এবং তারপর সেই সম্ভাবনাকে প্রয়োজনীয় জ্ঞান, সহায়তা ও বাজারের সঙ্গে যুক্ত করা। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সেই মানুষগুলোর কথা শোনা, যারা ভবিষ্যতে এই জীবিকার ওপর নির্ভর করবে। কারণ, তারাই সবচেয়ে ভালো জানে—তাদের নিজেদের কমিউনিটিতে কীভাবে বেঁচে থাকা এবং জীবিকা নির্বাহ করা তাদের জন্য বেশি কার্যকর ও ফলপ্রসূ হবে।
সবশেষে যে কথাটা বলতে চাই, সহনশীলতা বলতে শুধু পরবর্তী ঘূর্ণিঝড় থেকে বেঁচে যাওয়াকে বোঝানো উচিত নয়। সহনশীলতা মানে হলো একটি দুর্যোগের পর মর্যাদার সঙ্গে জীবন পুনর্গঠন করার সক্ষমতা ও সুযোগ থাকা। অর্থাৎ, উপকূলীয় মানুষগুলোর কথা শুনে তাদের মতো করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করাটাও খুব জরুরি। এক্ষেত্রে তারা শুধু সহায়তা গ্রহণকারী হবেন না; বরং তাদের জীবনকে প্রভাবিত করে এমন সমাধান তৈরির প্রক্রিয়াতেও তারা সক্রিয়ভাবে অংশ নেবেন।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যে অসাধারণ সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে। এই চ্যালেঞ্জগুলো যখন ক্রমেই পরিবর্তিত ও জটিল হচ্ছে, তখন কমিউনিটি পর্যায়ে সহনশীলতা বলতে আমরা কী বুঝি—সেটি নিয়ে আরও গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। প্রতিটি উপকূলীয় জনগোষ্ঠীর জন্য হয়তো একই সমাধান কার্যকর হবে না। সবচেয়ে অর্থবহ সমাধানগুলো হয়তো সেখান থেকেই আসতে পারে, যেখানে স্থানীয় মানুষের কথা শোনা হবে, তাদের বিদ্যমান সম্পদ ও চ্যালেঞ্জগুলো বোঝা হবে এবং সহায়তাকে বাস্তব ও দীর্ঘমেয়াদি সুযোগের সঙ্গে যুক্ত করা হবে।
উপকূলীয় মানুষের জন্য জলবায়ু সহনশীলতা শুধু দুর্যোগের পর ত্রাণ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি হওয়া উচিত এমন একটি ভবিষ্যতের দিকে তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরিতে সাহায্য করা, যেখানে তাদের নিজেদের জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলার বাস্তব সুযোগ থাকবে।
লেখক: সেক্রেটারি, প্রগতি, ফেলোশিপ: ইউএস স্টেট ডিপার্টমেন্ট ফেলো (কমিউনিটি সলিউশন প্রোগ্রাম)









