জাদুদেশ
গোলাম রসুল
দেখতে থাকো এক পথিক লীন হয়ে যাচ্ছে
তার পিঠে রাষ্ট্র
ফুঁড়ে উঠছে একটি চিত্রপ্রদর্শনী
বিভেদের কাঁচ আর নৈরাশ্য দিয়ে নির্মিত
গজিয়ে উঠছে মানুষ
চামড়ার সাথে
বলিরেখার সাথে বাঁধা
রক্ত নয় জল
জল নয় অতল
দেবদারু আকাশ
গৃহত্যাগী গাছেরা খুঁজে পায়নি শেষ
মরে গিয়ে তারা সমাধি হাতে না খেয়ে শুয়ে
তারা কাফনে ভরে নিয়েছে একটা জাদুদেশ আর ক্ষতবিক্ষত সবুজ বই
যখন বন্দরে আসে শৈশবের রোগক্লিষ্ট গ্রাম আর জীবনের মহাবিশৃঙ্খল নগরী
সুড়ঙ্গপথে ময়ূরপঙ্খী মেঘ
তখন এক নীল জাহাজ ফেরি করে ঈশ্বরের কান্না


