বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পাইকগাছায় এসিল্যান্ড নেই, ভূমিসেবা পেতে চরম ভোগান্তিতে মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
পাইকগাছায় এসিল্যান্ড নেই, ভূমিসেবা পেতে চরম ভোগান্তিতে মানুষ

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): জমির মালিকানা আছে, প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত। কিন্তু নামজারি কিংবা জমাভাগের কাজ শেষ করতে অপেক্ষার যেন শেষ নেই। কেউ পৈতৃক সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে চান, কেউ জমি কেনার পর নামজারি করতে গিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। আবার কারও প্রয়োজন জমির সীমানা নির্ধারণ, কারও জরুরি শুনানি। এসব সেবা পেতে খুলনার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে এসে বাড়তি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কারণ, দীর্ঘদিন ধরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদটি শূন্য রয়েছে।

গুরুত্বপূর্ণ এ পদে কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এতে উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের পাশাপাশি ভূমি প্রশাসনের দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁকে। ফলে ভূমিসেবার স্বাভাবিক কার্যক্রম ও সেবাপ্রত্যাশীদের ভোগান্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ভূমি অফিসের সেবা মানুষের সম্পত্তির অধিকার ও দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। নামজারির আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হলে জমির মালিকানা হালনাগাদ আটকে যায়। এর প্রভাব পড়ে জমি কেনাবেচা, ব্যাংকঋণ গ্রহণ ও উত্তরাধিকারসূত্রে সম্পত্তি হস্তান্তরসহ বিভিন্ন কাজে। একইভাবে জমাভাগ, আপত্তির শুনানি ও ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিলম্ব হলে দীর্ঘায়িত হয় মানুষের ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তিসংক্রান্ত জটিলতা।

জানা গেছে, এসিল্যান্ডের পদ শূন্য থাকায় এসব কার্যক্রমের অতিরিক্ত দায়িত্ব পড়েছে ইউএনওর ওপর। ফলে উপজেলা প্রশাসনের সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি ভূমি অফিসের প্রশাসনিক কার্যক্রমও সমন্বয় করতে হচ্ছে তাঁকে।

নামজারি ও জমাভাগের আবেদন নিষ্পত্তি, শুনানি গ্রহণ, ভূমি উন্নয়ন কর আদায় তদারকি, সরকারি খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং ভূমিসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এসিল্যান্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ পদে কর্মকর্তা না থাকলে এসব কার্যক্রমে সমন্বয় ও সিদ্ধান্ত গ্রহণে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

পাইকগাছা সদরের বাসিন্দা আবির মল্লিক বলেন, পাইকগাছার মতো উপকূলীয় উপজেলায় সরকারি খাসজমি, জলাশয়, কৃষিজমি ও বিভিন্ন সম্পত্তির দখল নিয়ে বিরোধের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে নিয়মিত তদারকি ও দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জরুরি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদ শূন্য থাকলে মাঠপর্যায়ে নজরদারি ও অভিযোগ যাচাইয়ে সমস্যা তৈরি হতে পারে।

সদরের আরেক বাসিন্দা সমীর রাহা বলেন, ভূমিসংক্রান্ত মামলার শুনানি, আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা, সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এসিল্যান্ডের অনুপস্থিতি শুধু একটি পদ শূন্য থাকার বিষয় নয়, এর প্রভাব পুরো ভূমি প্রশাসনের কার্যক্রমে পড়তে পারে।

সেবাগ্রহীতা হাফিজুর রহমান জানান, জমির নামজারি ও প্রয়োজনীয় কাগজপত্রের কাজ নিয়ে তাঁকে ভূমি অফিসে আসতে হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট পদে কর্মকর্তা না থাকায় কাজের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। সময়মতো কাজ শেষ না হলে জমিসংক্রান্ত পরবর্তী কার্যক্রমেও সমস্যায় পড়তে হবে।

আরেক সেবাগ্রহীতা বলেন, প্রত্যন্ত এলাকা থেকে ভূমি অফিসে আসতে যাতায়াত খরচ ও সময় দুটোই ব্যয় হয়। একদিনে কাজ শেষ না হলে আবার আসতে হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। দ্রুত নতুন এসিল্যান্ড পদায়ন করে ভূমিসেবার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী ২০২৫ সালের ১৩ অক্টোবর পাইকগাছায় যোগদান করেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর ২০২৬ সালের অক্টোবরে তাঁকে খুলনার বটিয়াঘাটা উপজেলায় বদলি করা হয়। ১ অক্টোবর বদলির আদেশের পর ৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় তিনি বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে যোগদান করেন।

নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, নতুন ব্যাচের ভূমিসংক্রান্ত প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত নতুন কর্মকর্তা পদায়ন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।

অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় তো চাপ থাকে।’ উপজেলা প্রশাসনের সার্বিক দায়িত্বের পাশাপাশি ভূমি প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে তাঁকে। তবে দায়িত্বের ধারাবাহিকতা বজায় রেখে সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।

গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদ শূন্য থাকলে সংশ্লিষ্ট দপ্তরে বাড়তি চাপ তৈরি হওয়া স্বাভাবিক। তবে সেই চাপের প্রভাব যেন সাধারণ মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে না পড়ে, তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নামজারি, জমাভাগ, শুনানি ও ভূমিসংক্রান্ত জরুরি আবেদন নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এড়াতে কার্যকর নজরদারি প্রয়োজন। দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের পাশাপাশি অন্তর্বর্তী সময়ে ভূমিসেবার স্বাভাবিক গতি বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Ads small one

হামজার কাছ থেকে শেখার সুযোগ না পাওয়ায় ভুটান অধিনায়কের আক্ষেপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
হামজার কাছ থেকে শেখার সুযোগ না পাওয়ায় ভুটান অধিনায়কের আক্ষেপ

বাংলাদেশের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে চায় ভুটান। দলের অধিনায়ক চেঞ্চো গেইলশেনের কণ্ঠে সেই প্রত্যয় স্পষ্ট। তবে ম্যাচের আগে তার মনে কিছুটা আক্ষেপও প্রকাশ পেয়েছে। বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী প্রথম ম্যাচে খেলছেন না। তাই হামজার মতো ফুটবলারের বিপক্ষে মাঠে নামার পাশাপাশি তাঁর কাছ থেকে শেখার সুযোগও হাতছাড়া হচ্ছে ভুটান অধিনায়কের।

বুধবার প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেঞ্চো বলেন, ‘হামজা খেললে আমরা তার বিপক্ষে খেলতে পছন্দ করতাম। সবাই জানে, তিনি সাফ অঞ্চলের বড় তারকা। ভালো মানের খেলোয়াড়দের সঙ্গে তার খেলা আমাদের জন্য ইতিবাচক হতো। তার কাছ থেকে শেখারও সুযোগ থাকত। দুর্ভাগ্যবশত, শুনেছি প্রথম ম্যাচে তিনি আসছেন না।’

তবে হামজা না থাকলেও বাংলাদেশের বিপক্ষে জয়ের লক্ষ্য থেকে সরে আসছে না ভুটান। চেঞ্চো বলেন, ‘সাফ কাপ জেতা প্রতিটি দলেরই স্বপ্ন। আমরা প্রথম ম্যাচ জেতার চেষ্টা করব, যেন সেমিফাইনালে যাওয়ার পথে নিজেদের অবস্থান নিরাপদ করতে পারি।’

গতবার ভুটানের মাঠে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল স্বাগতিকরা। তবে চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি চেঞ্চো। এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় তিনি।

অন্যদিকে ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপস স্বীকার করেছেন, সাফের জন্য তাদের প্রস্তুতি আশানুরূপ হয়নি। কোনো প্রস্তুতি ম্যাচও খেলতে পারেনি দলটি। গত ফিফা উইন্ডোতে ভুটানের জাতীয় লিগ থাকায় খেলোয়াড়দের একসঙ্গে পাওয়াও কঠিন ছিল।

কোচ বলেন, ‘আমাদের প্রস্তুতিটা ধাপে ধাপে হয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা কোনো ম্যাচ খেলিনি। বাংলাদেশের মতো অন্য দলগুলোর যে ধরনের প্রস্তুতি হয়েছে, আমাদের তা হয়নি। তবে আমরা আত্মবিশ্বাস নিয়েই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি।’

ভুটান কোচের দায়িত্ব নিয়েছেন মাত্র কয়েক সপ্তাহ আগে। তাই এই টুর্নামেন্টকে খেলোয়াড়দের যাচাই করার পাশাপাশি ভবিষ্যতের এএফসি ও বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে স্বাগতিকদের ওপর চাপের বিষয়টিও মাথায় রাখছেন ফিলিপস। তার মতে, ঘরের মাঠে খেলার কারণে বাংলাদেশের ওপর বাড়তি চাপ থাকবে। তবে এই প্রতিযোগিতা বাছাইপর্বের টুর্নামেন্ট নয়; বরং আঞ্চলিক দলগুলোর নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ।

ভুটান দলে এবার বেশ কয়েকজন তরুণ ও নতুন মুখ রয়েছেন। অধিনায়ক চেঞ্চোও দলের নতুন খেলোয়াড়দের নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘প্রস্তুতির জন্য আমরা খুব বেশি সময় পাইনি। ভুটানের মৌসুম শেষ হওয়ার পরপরই জাতীয় দলের খেলোয়াড় নির্বাচন করতে হয়েছে। দলে বেশিরভাগই তরুণ ও নতুন মুখ। তবে কোচের অভিজ্ঞতার কারণে এখন আমি বেশ আত্মবিশ্বাসী।’

দলে শতভাগ স্থানীয় ফুটবলার থাকায় গর্বের কথাও জানিয়েছেন চেঞ্চো। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোতে প্রবাসী বা বংশোদ্ভূত ফুটবলার থাকলেও ভুটান জাতীয় দলে সবাই স্থানীয়।

চেঞ্চোর ভাষায়, ‘বিশ্ব ফুটবল এখন অনেক বদলে গেছে। শুধু বাংলাদেশ বা শ্রীলঙ্কা নয়, অনেক দেশই বিদেশে জন্ম নেওয়া বা অন্য দেশের ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে দলে নিচ্ছে। আমার মনে হয়, ভুটানই একমাত্র দল, যারা শতভাগ ভুটানি ফুটবলার নিয়ে খেলছে। জাতীয় দলের হয়ে শতভাগ ভুটানিকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

বিক্রি ও মুনাফায় পূর্বাভাসের চেয়ে এগিয়ে অ্যাপল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
বিক্রি ও মুনাফায় পূর্বাভাসের চেয়ে এগিয়ে অ্যাপল

আইফোন বিক্রি ও সেবা খাত থেকে আয় বাড়ায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল রেকর্ড রাজস্ব আয় করেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেমোরি চিপের ব্যয় বাড়ায় আগামী প্রান্তিকে মুনাফার হার কিছুটা কমতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

গত সেপ্টেম্বরে টিম কুকের কাছ থেকে সিইও-র দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বড় আর্থিক প্রতিবেদনে জন টার্নাস বলেন, আমরা এখন পর্যন্ত আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী পণ্যসম্ভার নিয়ে বছর শেষ করতে যাচ্ছি। তিনি আগামী ছুটির মৌসুমে তাদের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোনসহ নতুন পণ্যের বিক্রি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেভান পারেখ জানান, মেমোরি চিপের দাম বৃদ্ধি ও সিরি এআই সম্প্রসারণের খরচের কারণে মোট মুনাফার হার সেপ্টেম্বর প্রান্তিকের ৪৭.৯ শতাংশ থেকে কমে ৪৫ থেকে ৪৬ শতাংশে নামতে পারে। তবে এআই খাতে বিনিয়োগ নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়ে পারেখ বলেন, আমরা মনে করি, এআই গ্রাহকদের নতুন প্রযুক্তির সুবিধা পেতে নতুন ডিভাইস কেনা বা পুরোনো ডিভাইস পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রেরণা তৈরি করবে।

সেপ্টেম্বরে আইফোন ১৮ প্রো, ১৮ প্রো ম্যাক্স ও ভাঁজযোগ্য ডুয়ো বাজারে আনার পর অক্টোবরে সিরি এআই-চালিত স্মার্ট ডিসপ্লে হোমভিউ এবং টাচস্ক্রিন ম্যাকবুক প্রো উন্মোচন করে অ্যাপল।

প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন ও মেটা এআই অবকাঠামোতে শত শত বিলিয়ন ডলার ব্যয় করলেও অ্যাপলের মূলধনি ব্যয় ধরা হয়েছে মাত্র ১১ বিলিয়ন ডলার। নিজস্ব বিনিয়োগ কম রেখেও গুগলের জেমিনি মডেলের ওপর ভিত্তি করে সিরি পুনর্নির্মাণের মতো কৌশলে লাভবান হচ্ছে অ্যাপল। তবে ২০২৪ সাল থেকে অ্যাপল পণ্যে যুক্ত থাকা চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআই-এর বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে গত জুলাইয়ে মামলা দায়ের করেছে অ্যাপল।

সূত্র: এএফপি

জার্সি বিক্রিতে মেসিকে টপকালেন লেভানডোভস্কি, আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
জার্সি বিক্রিতে মেসিকে টপকালেন লেভানডোভস্কি, আছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও

মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিয়েই নিজের জনপ্রিয়তার জানান দিয়েছেন রবার্ট লেভানডোভস্কি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভক্তদের আগ্রহেও বড় প্রভাব ফেলেছেন পোলিশ স্ট্রাইকার। জুনে যুক্তরাষ্ট্রের লিগে পা রাখার পর থেকে তার শিকাগো ফায়ারের জার্সি বিক্রি ছাড়িয়ে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামির জার্সিকেও!

তবে পুরো বছরের হিসাবে জার্সি বিক্রির শীর্ষস্থান ধরে রেখেছেন মেসিই। মঙ্গলবার ২০২৬ সালের সর্বাধিক বিক্রীত জার্সির তালিকা প্রকাশ করেছে এমএলএস। সেখানে টানা চতুর্থ মৌসুমের মতো শীর্ষে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

এমএলএসের অনলাইন স্টোরে ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জার্সি বিক্রির হিসাব ধরে তৈরি হয়েছে সেরা ১০-এর এই তালিকা। লেভানডোভস্কি ২৯ জুন আনুষ্ঠানিকভাবে শিকাগো ফায়ারে যোগ দেন। ২২ জুলাই ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে তার এমএলএস অভিষেক হয়। এরপর ১৮ ম্যাচে সাত গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছেন তিনি।

লেভানডোভস্কির পারফরম্যান্সে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে শিকাগো ফায়ার। প্লে-অফেও জায়গা করে নিয়েছে দলটি।

তবে সামগ্রিক জার্সি বিক্রিতে মেসির আধিপত্য অক্ষুণ্ন। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো জার্সি বিক্রির তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। এরপর টানা চার মৌসুম ধরে এক নম্বর জায়গাটি ধরে রেখেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

মেসির পর দ্বিতীয় স্থানে আছেন এলএ এফসির ফরোয়ার্ড সন হিউং-মিন। তৃতীয় হয়েছেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের থমাস মুলার। লেভানডোভস্কির অবস্থান চতুর্থ।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অরল্যান্ডো সিটির নতুন সংযোজন আন্তোয়ান গ্রিজম্যান। মার্চে তার ক্লাবে যোগ দেওয়ার ঘোষণা আসে। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ২০২৫-২৬ মৌসুম শেষ করার পর জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এমএলএসে যোগ দেন ফরাসি ফরোয়ার্ড।

সেরা দশে জায়গা পেয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের ১৭ বছর বয়সী তরুণ কাভান সুলিভানও। গত মাসে মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার কীর্তি গড়েছিলেন তিনি। তালিকায় তার অবস্থান ষষ্ঠ।

২০২৬ সালে এমএলএসে সর্বাধিক বিক্রীত ১০ জার্সি

১. লিওনেল মেসি — ইন্টার মায়ামি
২. সন হিউং-মিন — এলএএফসি
৩. থমাস মুলার — ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস
৪. রবার্ট লেভানডোভস্কি — শিকাগো ফায়ার
৫. আঁতোয়ান গ্রিজম্যান — অরল্যান্ডো সিটি
৬. কাভান সুলিভান — ফিলাডেলফিয়া ইউনিয়ন
৭. দেনিস বুয়াঙ্গা — এলএএফসি
৮. লুইস সুয়ারেজ — ইন্টার মায়ামি
৯. হানি মুখতার — ন্যাশভিল এসসি
১০. রদ্রিগো দি পল — ইন্টার মায়ামি