জেলহত্যা দিবস আজ
পত্রদূত ডেস্ক: আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। জাতির ইতিহাসে এটি এক বেদনাবিধুর দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। তাঁরা হলেন মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং মন্ত্রিসভার দুই সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান।
জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় মামলা করেন। দীর্ঘ ২১ বছর মামলার তদন্ত কার্যক্রম স্থগিত থাকার পর ১৯৯৬ সালের জুনে তা পুনরায় শুরু হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।
রায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সাজা কার্যকর হয়েছে। বাকি সাজাপ্রাপ্ত আসামিদের অধিকাংশই এখনো পলাতক।
জেলহত্যা দিবসে জাতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতীয় চার নেতাকে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদান এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রগঠনে তাঁদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।









