তালায় ইউনিয়ন ভিত্তিক তেল বিক্রির ঘোষণা, তদারকিতে প্রশাসন
পাটকেলঘাটা প্রতিনিধি: জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সাতক্ষীরার তালা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক ফিলিং স্টেশন নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে উপজেলার পাটকেলঘাটাসহ বিভিন্ন ফিলিং স্টেশনে প্রশাসনের এই তদারকি কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সপ্তাহে একদিন ছুটি ও টানা দুই দিন ডিপো বন্ধ থাকায় জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে তালা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত খান ১২টি ইউনিয়নের জন্য পৃথক পৃথক ফিলিং স্টেশন নির্দিষ্ট করে দিয়েছেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, সরুলিয়া ও খলিশখালী ইউনিয়নের গ্রাহকরা পাটকেলঘাটা মজুমদার ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করবেন। নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়নের জন্য ৩০ মাইল এলাকার লস্কর ফিলিং স্টেশন এবং ইসলামকাটি ও কুমিরা ইউনিয়নের জন্য মির্জাপুর ফিলিং স্টেশন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া তালা সদর, খলিলনগর, জালালপুর ও খেশরা ইউনিয়নের গ্রাহকদের তালা বাজার এলাকার পাম্প থেকে এবং তেঁতুলিয়া ও মাগুরা ইউনিয়নের বাসিন্দাদের নির্দিষ্ট পাম্প থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে তেল নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সকালে পাটকেলঘাটার মজুমদার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের লাইন পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ছাড়িয়ে গেছে। ভিড় সামলাতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় ফোর্স নিয়ে নিজে উপস্থিত থেকে শৃঙ্খলা বজায় রাখেন। পুলিশের উপস্থিতিতে গ্রাহকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তেল সংগ্রহ করেন।
তেল নিতে আসা বাইকাররা জানান, ঈদের ছুটির কারণে তেল পাওয়া নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে ইউনিয়ন অনুযায়ী পাম্প ভাগ করে দেওয়ায় এবং পুলিশের তদারকি থাকায় ভোগান্তি ছাড়াই তেল পাওয়া যাচ্ছে। প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও চালকেরা।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত খান বলেন, “১২টি ইউনিয়নের সকল বাইকার ও যানবাহন চালক যাতে বিশৃঙ্খলা ছাড়া তেল পেতে পারেন, সেজন্যই এই সিরিয়াল নির্ধারণ করা হয়েছে। আমি নিজে পাম্পগুলো পর্যবেক্ষণ করছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই তদারকি অব্যাহত থাকবে।”









