মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

তালায় টিনশেড গোডাউনে আগুন, পুড়ে গেছে ধান ও বিচুলি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
তালায় টিনশেড গোডাউনে আগুন, পুড়ে গেছে ধান ও বিচুলি

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় একটি টিনশেড গোডাউনে আগুন লেগে বিপুল পরিমাণ ধান ও বিচুলি পুড়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মৎস্য খামার এলাকায় শেখ আশরাফ আলীর (মায়ের দোয়া পোল্ট্রি ফার্মের মালিক) গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশপাশে কয়েকজন শিশু বাজি নিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, একটি জ্বলন্ত বাজি গোডাউনের ভেতরে গিয়ে পড়ার পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

 

স্বজনরা জানান, গোডাউনে ৮ থেকে ৯ বিঘা জমির ধান ও বিচুলি মজুত রাখা ছিল। স্থানীয় বাসিন্দা বাবু জানান, গোডাউনের ভেতরে প্রায় দেড়শ মনের বেশি ধান ও বিপুল পরিমাণ বিচুলি সংরক্ষিত ছিল। মাঠ থেকে কেটে আনা ধান ঝাড়াই না করেই আশরাফ সেখানে সংরক্ষণ করে রেখেছিলেন।

 

তালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

Ads small one

দীর্ঘদিন সংস্কারহীন কপিলমুনির কলেজ সংযোগ সড়ক, চরম দুর্ভোগে পথচারীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
দীর্ঘদিন সংস্কারহীন কপিলমুনির কলেজ সংযোগ সড়ক, চরম দুর্ভোগে পথচারীরা

পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি উপশহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির মোড় থেকে শুরু হওয়া সড়কটি মূল সড়কের সঙ্গে যুক্ত হয়ে কপিলমুনি কলেজে যাতায়াতের অন্যতম পথ হিসেবে ব্যবহৃত হয়। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়, মাত্র ১৫০ গজ দৈর্ঘ্যের এই সড়কটির অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। সম্প্রতি বৃষ্টির কারণে গর্তগুলোতে পানি জমে কাদা তৈরি হয়েছে। এতে পায়ে হেঁটে চলাচলেও চরম ঝুঁকি তৈরি হয়েছে। অথচ এই সড়কের দুই পাশে একাধিক চিকিৎসাকেন্দ্রে, এনজিও কার্যালয়, ব্যাংক, বিভিন্ন ব্যাংকের শাখা, গুদামঘর এবং একটি মুরগির বাজার রয়েছে। প্রতিদিন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে যাতায়াত করেন।
সার ব্যবসায়ী জি এম রফিকুল ইসলাম জানান, দেড় দশক ধরে রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও প্রতিকার মেলেনি। মুরগি ব্যবসায়ী খোকন সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে এই ভোগান্তি সহ্য করতে হচ্ছে, কিন্তু রাস্তা মেরামতের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
কপিলমুনি কলেজের ছাত্র মো. রোমান সরদার বলেন, সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে পথ চলাই দায় হয়। সঠিক সময়ে কলেজে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জনভোগান্তি নিরসনে সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনায় জাঁকজমকপূর্ণভাবে ‘নজরুল বর্ষ’ উদযাপনের প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
খুলনায় জাঁকজমকপূর্ণভাবে ‘নজরুল বর্ষ’ উদযাপনের প্রস্তুতি

পত্রদূত ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বিভাগীয় পর্যায়ে ‘নজরুল বর্ষ’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি আমাদের মানবতা, সাম্য ও দ্রোহের কবি। আধুনিক বাংলা গানে তাঁর অবদান যেমন অনস্বীকার্য, তেমনই বিশ্বসাহিত্যেও তিনি এক বিস্ময়। অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের এই প্রতীককে স্মরণীয় করে রাখতে ‘নজরুল বর্ষ’ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে। কর্মসূচিগুলো সফল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের উপপরিচালক এস এম আজিম উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নজরুল গবেষক, গণমাধ্যমকর্মী ও সামাজিক-সাংশ্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ঢাকায় রমিজ হত্যা মামলায় সাতক্ষীরার আ.লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে, রিমান্ড শুনানি বুধবার
নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কারওয়ান বাজার এলাকায় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁর রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আরিফ রেজা।
এর আগে সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার তিনি আদালতে উপস্থিত না থাকায় বিচারক রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কারওয়ান বাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ। বিকেলবেলা মেট্রোরেল স্টেশনের কাছে আসামিদের ছোড়া গুলি তাঁর ডান চোখে লাগে। আন্দোলনকারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে কাঁঠালবাগানের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রূপের বাবা এ কে এম রকিবুল আহম্মেদ তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

শ্যামনগরে এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
শ্যামনগরে এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

সংবাদদাতা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার সরকারি খাদ্যগুদামের সামনের প্রধান সড়কে ‘সচেতন নাগরিক সমাজ’–এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আন্দোলন চলছে। গত এক সপ্তাহ ধরে তাঁর সংসদীয় এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহের মতো কর্মসূচি পালন করে আসছে ক্ষুব্ধ জনতা।
মঙ্গলবারের অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে এমপি নজরুলের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন। কর্মসূচির কারণে শ্যামনগর–মুন্সিগঞ্জ সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
কর্মসূচিতে স্থানীয় প্রতিনিধিরা বলেন, একজন জনপ্রতিনিধির নৈতিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও কা- ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই নৈতিক দায় স্বীকার করে তাঁর অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। অন্যথায় শ্যামনগরসহ পুরো সাতক্ষীরা অচল করার পাশাপাশি সংসদ সদস্যের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বক্তারা। ইতোমধ্যে তাঁকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
গত ২০ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে এক তরুণীর সঙ্গে এমপি নজরুলকে দেখা যায়। ঘটনাটি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে পরদিন তিনি ফেসবুকে দাবি করেন, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট দল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়। ঘটনাটির পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।