তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ
তালা প্রতিনিধি: নারীর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ ও নারীর চলাচলে বিধিনিষেধ প্রতিরোধে সাতক্ষীরার তালায় সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে এ সভার আয়োজন করা হয়। বথ এনডসের অর্থায়নে উত্তরণ বাস্তবায়িত ‘নারীর সম্মিলিত ক্ষমতায়ন ও নারীবাদী অধিকার আদায়ের পক্ষে সম্মিলিত প্রচার’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় পাঠক ফোরাম, ইয়াং উইমেন নেটওয়ার্ক, স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
সভায় জেন্ডারভিত্তিক সহিংসতার ধরন, সামাজিক প্রভাব ও প্রতিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ে বক্তব্য দেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম, রূপালীর পরিচালক সফিকুল ইসলাম ও সাংবাদিক জুলফিকার রায়হান। এ ছাড়া শিক্ষার্থী মনিরা খাতুন, স্বেচ্ছাসেবক আবজাল হোসেন ও রফিকুল ইসলাম নয়ন বক্তব্য দেন।
বক্তারা বলেন, নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, সমাজ ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত সচেতনতা। বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতার শিকার নারীদের সহায়তা এবং শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর তাঁরা গুরুত্ব দেন।
সংলাপে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও যুব স্বেচ্ছাসেবকসহ ৩৫ জন অংশ নেন।









