তালায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজন কারাগারে
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার তালায় এক কলেজছাত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন তালা উপজেলার সেনেরগাঁতী গ্রামের জাকির হোসেন, তাঁর বড় ভাই মো. ফারুক হোসেন এবং ফারুকের স্ত্রী সাদিয়া ইসলাম আখি।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পাটকেলঘাটা এলাকার এক কলেজছাত্রীর সঙ্গে জাকির হোসেনের প্রায় চার বছর প্রেমের সম্পর্ক ছিল। এ সময় জাকিরের বড় ভাই ফারুক তাঁকে অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জাকিরকে জানিয়েও প্রতিকার পাননি বলে দাবি করেন ওই ছাত্রী। পরে জাকির সম্পর্কের ইতি টানেন। এরপর ফারুক তাঁকে অশ্লীল ভিডিও পাঠাতেন এবং জাকিরের কাছে সংরক্ষিত তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ফারুকের স্ত্রী সাদিয়া ইসলাম আখিও ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের সহযোগিতা নেন। পরে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তায় ২০২৫ সালের ৪ মে সাতক্ষীরার আমলি-৬ নম্বর আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে। তদন্ত প্রতিবেদন নিয়ে ভুক্তভোগীর নারাজি আবেদনের পর আদালত অধিকতর তদন্তের দায়িত্ব অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেন। সিআইডির তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
মঙ্গলবার অভিযুক্ত তিনজন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।









