পাটকেলঘাটায় টানা বৃষ্টিতে কাটা ধান ও সবজির ব্যাপক ক্ষতি
এম এম জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরার পাটকেলঘাটায় টানা তিন দিনের প্রবল বর্ষণে কাটা আমন ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাঠে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। বিভিন্ন সবজির জমিতেও পানি জমে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
পাটকেলঘাটা থানার ধানদিয়া, নগরঘাটা, কুমিরা, খলিশখালী ও সুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে। অনেক কৃষক আমন ধান কেটে মাঠে রেখেছিলেন। বৃষ্টির পানিতে এসব ধান ভিজে যাওয়ায় শুকানো ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সময়মতো শুকাতে না পারলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, মাঠে কাটা ধানে বৃষ্টির পানি জমে গেছে। একই ইউনিয়নের বাগমারা গ্রামের কাজী আব্দুস সাত্তার বলেন, তিন দিন ধরে কাটা ধান পানিতে ভিজে থাকায় তা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ধানগুলো শুকাতে না পারলে আর কাজে আসবে না বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ধানদিয়া ইউনিয়নের হেলাল উদ্দিন জানান, টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ঘরে তুলতে কৃষকদের ভোগান্তি বেড়েছে। অন্যদিকে সবজির জমিতে পানি জমে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সুরুলিয়া ইউনিয়নের কুতুব উদ্দিন সরদার বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। দিনমজুররা কাজ না পেয়ে এবং অনেক ক্ষুদ্র ব্যবসায়ী পণ্য বিক্রি করতে না পারায় দুর্ভোগে পড়েছেন।
তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে পাটকেলঘাটার পাঁচটি ইউনিয়নে প্রায় ১০০ একর জমির ধান কৃষকরা কেটে মাঠে রেখেছেন। টানা বৃষ্টিতে এসব ধান ভিজে যাওয়ায় কৃষকদের ক্ষতির আশঙ্কা রয়েছে।
বৃষ্টিতে শুধু ফসল নয়, কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাও ব্যাহত হয়েছে। টানা বর্ষণে সব মিলিয়ে পাটকেলঘাটার কৃষক ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে।









