তালায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবি
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম ও প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।
সোমবার (২ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর ইসলাম। তিনি উপজেলার বারুইহাটি গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে।
লিখিত বক্তব্যে শাহিনুর ইসলাম দাবি করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে তালা বাজারে সুনামের সঙ্গে সার ও কীটনাশকের ব্যবসা করছেন। নতুন ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও অবৈধ লেনদেনের মাধ্যমে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই—এমন ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, বারুইহাটি গ্রামের মেসার্স নূরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুনকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর পর্যাপ্ত ব্যবসায়িক অভিজ্ঞতা নেই বলেও দাবি করেন শাহিনুর। এ ছাড়া নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বাবা সরকারি প্রতিষ্ঠান বিআরডিবির চেয়ারম্যান, মা সরকারি চাকরি থেকে পেনশনভোগী এবং ভাই সার সাবডিলার হিসেবে ব্যবসা করেন বলে উল্লেখ করেন তিনি।
শাহিনুর ইসলামের আরও অভিযোগ, ডিলার নিয়োগের জন্য গোডাউন পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কক্ষে ইরানী হোমিও ফার্মেসির কার্যক্রম চলছিল। পরে ওই কক্ষটিকেই সারের গোডাউন হিসেবে দেখানো হয়।
সংবাদ সম্মেলনে তিনি নিয়োগ প্রক্রিয়া পুনরায় যাচাই-বাছাই, অভিযোগ তদন্ত করে বিতর্কিত ডিলারশিপ বাতিল এবং প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবি জানান। পাশাপাশি কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, নতুন করে তদন্তের নির্দেশনা পেলে তাঁর দপ্তর থেকে যথাযথভাবে তদন্ত করা হবে।









