তালার ধানদিয়ায় প্রায় দুই লাখ টাকার গাছ কেটে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঝড়গাছা-পানপাড়া গ্রামের নিমাই কৃষ্ণ ঘোষের তিন ছেলেÑপ্রণব ঘোষ, সন্ন্যাসী কুমার ঘোষ ও সুমন ঘোষের পৈতৃক সম্পত্তিতে লাগানো ১৫ বছরের পুরোনো দুটি বড় শীলকড়া গাছ জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে।
একই এলাকার সুধীর ঘোষের ছেলে ও স্বর্ণ ব্যবসায়ী পিন্টু ঘোষ এবং রবীন ঘোষসহ তাঁদের সন্ত্রাসী বাহিনী বৈদ্যুতিক করাত দিয়ে এই গাছগুলো কেটে ফেলে।
ভুক্তভোগী প্রণব ঘোষ, সন্ন্যাসী কুমার ঘোষ ও সুমন ঘোষ জানান, তাঁদের না জানিয়ে প্রভাবশালী পিন্টু ঘোষ ও তাঁর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক গাছ দুটি কেটে নেন, যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এ সময় গাছ কাটার ফলে ওই স্থানে থাকা অসংখ্য বাঁশঝাড় ও ফলজ গাছেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।









