শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু
সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শ্যামনগর অফিসার্স ক্লাব হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে তথ্য সংগ্রহকারীদের সম্পূর্ণ সততা ও নিরপেক্ষতার সঙ্গে মাঠপর্যায় থেকে সঠিক তথ্য সংগ্রহের নির্দেশ দেন এবং দরিদ্র জনগোষ্ঠীকে এই কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্না। শনি ও রোববার দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার পদ্মপুকুর ও ঈশ্বরীপুর ইউনিয়নের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নিচ্ছেন।






