তালার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত নাহিদ হাসান
তালা প্রতিনিধি: যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতক্ষীরার তালা উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হয়েছেন ‘আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন’-এর সভাপতি তরুণ সমাজকর্মী এস এম নাহিদ হাসান।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর তাঁকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ঘোষণা করে। এ সময় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
২০১৫ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ‘আমরা বন্ধু’ সংগঠনের কার্যক্রম শুরু করেন নাহিদ হাসান। এক দশকের বেশি সময় ধরে তিনি শিশু অধিকার, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা, যুব নেতৃত্বের বিকাশ ও মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
প্রতিক্রিয়ায় নাহিদ হাসান বলেন, এ সম্মাননা সংগঠনের স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এ অর্জন মানুষের কল্যাণে কাজ করার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
নাহিদ হাসান তালা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য। তাঁর এ অর্জনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় তরুণেরা অভিনন্দন জানিয়েছেন।









