তিন বছর পর ভারত থেকে ফিরলেন দুই নারী
Oplus_131072
বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারী দীর্ঘ তিন বছর পর দেশে ফিরেছেন। সাজা ভোগ শেষে মঙ্গলবার বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। ফেরত আসারা হলেনÑবাগেরহাট জেলার খেজুরবাড়িয়া গ্রামের হ্যাপি খান (৪৩) ও মারিয়া হাওলাদার (২৬)।
বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে ২০২৩ সালে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এই দুই নারী। দিল্লিতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের দমদম সেন্ট্রাল জেলে পাঠানোর নির্দেশ দেন। সেখানে পাঁচ মাস কারাভোগের পর দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আজ তারা দেশে ফিরলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের গ্রহণ করেছে এবং সংস্থাটি তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে বলে জানা গেছে।









