দেবহাটায় আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস
কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে ‘উদ্ভাবনী প্রদর্শনী মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব কুলিয়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর বাস্তবায়নে এই কর্মসূচিটি পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ। তিনি বলেন, সনাতন পদ্ধতির বদলে আধুনিক উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই অধিক ফলন ও কৃষকের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব।
মাঠ দিবসে প্রদর্শনী প্লটের (ডেমো প্লট) মাধ্যমে কৃষকদের হাতে-কলমে আধুনিক চাষাবাদ পদ্ধতি শেখানো হয়। এতে স্থানীয় বিপুল সংখ্যক কৃষক অংশ নেন। অনুষ্ঠানে সুশীলনের সিডিও জ্যোস্না বালা, ফ্যাসিলিটেটর রাকেশ মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












