বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার বার্তা দিতে পূজা মন্ডপ পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
দেবহাটায় শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার বার্তা দিতে পূজা মন্ডপ পরিদর্শন

দীপঙ্কর বিশ্বাস: আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরার সচলতার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে ওসি এইচ.এম. শাহীন জানান, “সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘœ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হতে পারে, সেজন্য দেবহাটা থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মন্ডপে আনসার ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার বলয় গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা পুলিশের এমন আগাম নিরাপত্তা তদারকি ও সশরীরে উপস্থিতি প্রকাশ করায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় থানার অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Ads small one

প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
প্রাণিসম্পদ দেশের অর্থনৈতিক সম্ভার

 প্রকাশ ঘোষ বিধান

কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশুপাখি মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রামীণ দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং স্থির মূল্যে অর্থনৈতিক আকার ৯৪ হাজার ৯ কোটি টাকা। দেশের কৃষিজ জিডিপির ১৬ দশমিক ৫৬ শতাংশ আসে এ খাত থেকে। পাশাপাশি মোট প্রাণিজ আমিষের প্রায় ৮০ শতাংশ জোগান দেয় প্রাণিসম্পদ খাত।

গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এখন গ্রামীণ অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের উৎস। দেশের লাখ লাখ প্রান্তিক কৃষক ও শিক্ষিত বেকার যুবক খামার গড়ে স্বাবলম্বী হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মানবদেহের সুস্থতা ও মেধা বিকাশে প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা অপরিসীম। দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দুধ উৎপাদনেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ফলে দেশের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ খাতের গুরুত্ব বাড়ছে।

প্রাণিসম্পদ শুধু খাদ্যের উৎস নয়, বিভিন্ন শিল্পের কাঁচামাল সরবরাহেরও অন্যতম মাধ্যম। পশুর চামড়া, হাড়, শিং ও লোম থেকে জুতা, ব্যাগ, হস্তশিল্পসহ নানা পণ্য তৈরি হয়। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। এ ছাড়া পশুর বর্জ্য থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন করে জ্বালানি চাহিদা পূরণ এবং কৃষিজমির উর্বরতা বাড়ানো সম্ভব।

দেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণিসম্পদ খাতের ওপর নির্ভরশীল। এ খাতকে কেন্দ্র করে প্রায় দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শুধু পোলট্রি শিল্পেই কাজ করছেন প্রায় ৬০ লাখ মানুষ, যাঁদের একটি বড় অংশ নারী। ফলে গ্রামীণ অর্থনীতিতে এ খাতের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মাংস, প্রক্রিয়াজাত খাদ্য ও হালাল পণ্য রপ্তানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। চামড়া, শিং, হাড়, পালক ও জিলেটিন প্রক্রিয়াজাত করে উচ্চমূল্যের পণ্য উৎপাদন ও রপ্তানি করা সম্ভব। একই সঙ্গে গোবর থেকে জৈব সার ও বায়োগ্যাস উৎপাদন কৃষি ও জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে পারে।

প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। উন্নত জাতের পশুপাখি উৎপাদন, কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ, খামারিদের সহজ শর্তে ঋণ প্রদান এবং সাশ্রয়ী পশুখাদ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে পশুচিকিৎসা ও টিকাদান সেবা সহজলভ্য করা জরুরি।

এ ছাড়া দুধ ও মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রসার, আধুনিক কোল্ড চেইন অবকাঠামো গড়ে তোলা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন সম্ভব হবে।

প্রাণিসম্পদ বাংলাদেশের অর্থনীতির এক অমূল্য সম্পদ। যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এ খাত দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক ও কলামিস্ট

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের মধ্যে দেশসেরা দ্বিতীয় নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের মধ্যে দেশসেরা দ্বিতীয় নির্বাচিত

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): জাতীয় পর্যায়ে ডিজিটাল সেন্টারের গোল্ড ক্যাটাগরিতে দেশসেরা দ্বিতীয় উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. এনামুল হক।

ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রামের আওতায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিজিটাল সেন্টারগুলোকে আধুনিক, নাগরিকবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে টেকসই সেবাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে দেশের ৬৪ জেলার নির্বাচিত ১০০টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ায় উদ্যোক্তাদের সেবার মান, দক্ষতা ও আর্থিক স্থায়িত্ব যাচাই করা হয়। বেজলাইন অ্যাসেসমেন্ট, প্রশিক্ষণ, সাক্ষাৎকার, সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপ শেষে ১৮ জন বিজয়ী উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের জাতীয় স্বীকৃতি তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দিতে উদ্যোক্তাদের আরও উৎসাহিত করবে।

দুর্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় অ্যাডভোকেসি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
দুর্যোগে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশু সুরক্ষায় অ্যাডভোকেসি সভা

শ্যামনগর প্রতিনিধি: দুর্যোগকালীন সময়ে জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, বিশেষ করে কন্যাশিশু ও প্রতিবন্ধী শিশুদের নিরাপত্তা এবং বিশেষ চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি হ্রাস শিশু ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘ (জেজেএস), এসসিভিএল প্রকল্প, কিন্ডারনটহিলফে (কেএনএইচ) ও বিএমজেড সভায় সহযোগিতা করে।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন খান, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম পল্টুসহ সিপিপির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক, শিশু ফোরামের সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় শ্যামনগর উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্য তাবাসসুম তাহরিমা ও মিম দুর্যোগকালীন সময়ে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করে। এতে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও বাস্তুচ্যুতির কারণে উপকূলীয় অঞ্চলের শিশুদের নিরাপত্তাঝুঁকি তুলে ধরা হয়।

পাশাপাশি আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপদ স্থান, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পৃথক শৌচাগার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধী শিশুদের জন্য সহজে প্রবেশযোগ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।