উপকূলে নিরাপদ কৃষির আলো ছড়াচ্ছেন সরমা রানী
নিজস্ব প্রতিনিধি: লবণাক্ততা ও জলাবদ্ধতার মতো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে সাতক্ষীরার শ্যামনগরে বিষমুক্ত সবজি উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষাণী সরমা রানী (৪৮)। নিজের বসতভিটায় গড়ে তোলা সবজির খামার, দেশীয় বীজ সংরক্ষণ এবং নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উপকূলজুড়ে নিরাপদ কৃষির বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি।
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা সরমা রানী বসতভিটার ৬৬ শতক জমির মধ্যে ৩৩ শতকে গড়ে তুলেছেন বৈচিত্র্যময় সবজির খামার। রান্নাঘরের উচ্ছিষ্ট, সবজির খোসা ও ঘাস পচিয়ে তৈরি করেন জৈব সার। নিমপাতা ও রসুন দিয়ে তৈরি করেন প্রাকৃতিক বালাইনাশক। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই উৎপাদন করছেন বিভিন্ন ধরনের সবজি। পাশাপাশি নিজের উৎপাদিত ফসলের বীজও সংরক্ষণ করেন।
অসুস্থ স্বামী ও চার সদস্যের সংসারের দায়িত্ব সামলে কৃষিকাজের পাশাপাশি সন্তানদের উচ্চশিক্ষিত করেছেন তিনি। তিন মেয়েকে উচ্চশিক্ষিত করে বিয়ে দিয়েছেন। ছেলে বর্তমানে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।
নিজের উদ্যোগকে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে বাড়িতে গড়ে তুলেছেন ‘মথুরাপুর বকুল কৃষি নারী উন্নয়ন সংগঠন’। সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন দেশীয় বীজ ব্যাংক। সেখানে সংরক্ষিত রয়েছে প্রায় ৮০ ধরনের স্থানীয় বীজ। দুই শতাধিক নারী কৃষকের সঙ্গে নিয়মিত বীজ বিনিময় করেন তিনি।
২০১৮ সালে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর এই উদ্যোগের বিস্তার ঘটে। প্রশিক্ষণ নিয়ে নিজেই প্রশিক্ষক হয়ে ওঠেন। প্রায় ৪০টি প্রশিক্ষণের মাধ্যমে এলাকার প্রায় ৬০০ নারীকে জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক তৈরির কৌশল শিখিয়েছেন।
তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আশপাশের গ্রামের অনেক নারীও বিষমুক্ত সবজি চাষ শুরু করেছেন। ফুলতলা গ্রামের কৃষাণী দীপ্তি রানী জানান, সরমা রানীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন। আগে পেঁপেগাছে ফলন কম হলেও এখন ভালো ফলন পাচ্ছেন।
সরমা রানীর বাড়িতে রয়েছে ৩০ ধরনের সবজি, ২০ ধরনের ফল ও ১২ প্রজাতির স্থানীয় মরিচের বীজ। পুকুরে সংরক্ষিত রয়েছে ২৪ ধরনের দেশি মাছ। সবজি বিক্রি করে মাসে প্রায় সাত হাজার টাকা আয় করেন তিনি। পাশাপাশি রাসায়নিক সার না কেনায় বছরে প্রায় ১৮ হাজার টাকা সাশ্রয় হচ্ছে।
সরমা রানী বলেন, শুধু নিজের বাড়িতে বিষমুক্ত সবজি উৎপাদন করলেই হবে না। আশপাশের কৃষক ও পরিবারগুলোকে এ কাজে আগ্রহী করে তুলতে চান তিনি। নারী কৃষকদের সংগঠিত করে নিরাপদ সবজি চাষকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়াই তাঁর লক্ষ্য।
শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওলিউল ইসলাম বলেন, স্থানীয় বীজ, জৈব সার ও প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদনে সরমা রানীর উদ্যোগ প্রশংসনীয়। তাঁর অভিজ্ঞতা অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেবে।






