দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
পত্রদূত ডেস্ক: আজ ২৮ নভেম্বর দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও উন্নয়ন সংগঠক আলহাজ্ব লিয়াকত আলীর ১১তম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে ৬৭ বছর বয়সে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী লিয়াকত আলীর সাংবাদিকতা জীবনের ব্যাপ্তি ছিল পাঁচ দশকেরও বেশি। তাঁর হাত ধরেই দৈনিক পূর্বাঞ্চল জনপ্রিয়তা ও স্বতন্ত্র পরিচিতি লাভ করে। সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠা, খুলনা বিভাগীয় প্রেসক্লাব গঠন এবং বৃহত্তর খুলনার উন্নয়ন আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
খুলনা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ওয়াসা, রূপসা সেতু, আধুনিক রেলস্টেশন ও বিমানবন্দরসহ এ অঞ্চলের বিভিন্ন উন্নয়ন দাবিতে তিনি লেখনী ও সাংগঠনিক কর্মকা-ের মাধ্যমে সোচ্চার ছিলেন। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের মানুষের উন্নয়ন দাবিগুলোকে সমন্বিত করতেও ভূমিকা রাখেন তিনি। সাংবাদিকতা ও উন্নয়ন কর্মকা-ে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আসর ইকবালনগর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া কয়েকটি মাদ্রাসায় এতিম শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাদ এশা দৈনিক পূর্বাঞ্চলের বার্তাকক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তাঁর রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।









