ধুলিহর ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় ৪ সম্ভাব্য প্রার্থী
জামায়াতের একজন, বিএনপির তিনজন; জলাবদ্ধতা ও কৃষি সমস্যা ভোটারদের প্রধান ইস্যু
জি এম আমিনুল হক:
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক আলোচনা ও নির্বাচনী প্রচারণা। চায়ের দোকান, হাটবাজার, পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। জামায়াতের একক সম্ভাব্য প্রার্থীর বিপরীতে বিএনপির তিনজনের নাম আলোচনায় থাকায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা দ্বিমুখী রূপ নিতে পারে বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ প্রথম ধাপে ধুলিহর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত চেয়ারম্যান পদে অন্তত চারজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এসেছে। তাঁরা হলেন জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাকদীর আহসান রুবেল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু এবং সাবেক একাধিকবারের ইউপি সদস্য শামীম রেজা চৌধুরী। এ ছাড়া বর্তমান ও সাবেক কয়েকজন চেয়ারম্যানও নির্বাচনে অংশ নিতে পারেন বলে আলোচনা রয়েছে।
ইউনিয়নের নয়টি ওয়ার্ডে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সমর্থন পেতে গণসংযোগ শুরু করেছেন। পোস্টার, ব্যানার, মোটরসাইকেল শোভাযাত্রা, হাটবাজারে প্রচারণা, উঠান বৈঠক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চলছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরছেন প্রার্থীরা।
স্থানীয়দের আলোচনায় মাওলানা আশরাফুজ্জামান খোকন ও তাকদীর আহসান রুবেলের নাম এগিয়ে থাকলেও শামীম রেজা চৌধুরীর সঙ্গে জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনাও দেখছেন অনেকে। দলীয়ভাবে আগেই প্রার্থী নির্ধারণ করায় জামায়াত তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। অন্যদিকে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় দলীয় সমর্থন চূড়ান্ত করতে বিলম্ব হলে নির্বাচনী হিসাব-নিকাশে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।
প্রার্থীদের বক্তব্যে জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার, কৃষি উৎপাদন বৃদ্ধি, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং মাদক ও জুয়া প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বেতনা নদীর তীরঘেঁষা কৃষিপ্রধান এ ইউনিয়নে গত পাঁচ থেকে সাত বছর ধরে জলাবদ্ধতার কারণে বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদি পড়ে রয়েছে। অনেক এলাকায় বছরে একটির বেশি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না। জলাবদ্ধতায় বসতবাড়ি, গোয়ালঘর ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ইউনিয়নের অধিকাংশ সড়কও বেহাল অবস্থায় রয়েছে। সম্প্রতি বেতনা নদী পুনঃখননের পর কয়েকটি এলাকায় আমন ধানের আবাদ হওয়ায় কৃষকদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে।
তরুণ ভোটার ইমরান হোসেন বলেন, তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি ইউনিয়নবাসীকে নিরবচ্ছিন্ন সেবা দিতে পারবেন—এমন প্রার্থীকে ভোট দিতে চান। আরেক ভোটার আবু সাঈদ বলেন, তাঁরা শিক্ষিত, মার্জিত ও জনবান্ধব চেয়ারম্যান চান, যিনি গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, সবার জন্য সমানভাবে কাজ করবেন এবং মাদক ও জুয়ার বিস্তার রোধে উদ্যোগ নেবেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রহল্লাদ রায় জানান, ধুলিহর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৩২৩ ও নারী ১০ হাজার ৯৩১ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয়ভাবে ভোটের অন্তত ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হবে। দলীয় ঐক্য ধরে রাখতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় হলেও মাঠপর্যায়ে দলীয় সমর্থন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জামায়াত অনেক ইউনিয়নে একক প্রার্থী নির্ধারণ করতে পারলেও বিএনপির একাধিক নেতার চেয়ারম্যান পদে সমর্থন পাওয়ার আগ্রহ দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধুলিহরেও শেষ পর্যন্ত বিএনপির একক প্রার্থী কে হবেন, তার ওপর নির্বাচনী লড়াইয়ের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করছে। সব মিলিয়ে জলাবদ্ধতা, কৃষি, যোগাযোগব্যবস্থা ও জনসেবার প্রতিশ্রুতিকে সামনে রেখে ধুলিহরে নির্বাচনী উত্তাপ বাড়ছে।









