পাইকগাছায় জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, নাগরিক সেবার মান উন্নয়ন এবং জনভোগান্তি নিরসনে খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ-বাংলাদেশের সহযোগিতায় ‘এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ফর জাস্ট ট্রানজিশন: স্ট্রেংদেনিং সিএসওস টু ট্রান্সফর্ম ক্লাইমেট হটস্পট ইনটু রেজিলিয়েন্ট কমিউনিটিজ’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক সুস্মিতা সরকার, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক এবং পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান।
বারসিক এনগেজ প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া। পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া ম্যানেজার বাবলু জোয়াদ্দার, ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মণ্ডল এবং সিএসওর সভা প্রধান আফরোজ বেগম ও ছন্দা সুলতানা।
সংলাপে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং উপকূলীয় জনপদকে আরও স্থিতিস্থাপক ও জনবান্ধব করে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।












