পাটকেলঘাটায় অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জতুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন। ১২ জুন বিকেলে পাটকেলঘাটার একটি স্থানীয় কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জতুল্লাহ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দুর্বল মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এই শ্রেণির মানুষের জীবনযাত্রার মান বাড়াতে সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, আইনজীবী মশিয়ার রহমান এবং উপজেলা যুবনেতা মোস্তাফিজুর রহমান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন। নগদ অর্থ সহায়তার চেক পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।









