পিঁপড়ার কাছে হাতির পরাজয়
মোঃ সৈয়দুল ইসলাম
এক বনে মস্ত বড়ো এক হাতি ছিলো। হাতিটি ছিলো অহংকারী। একদিন এক ছোট্ট পিঁপড়ার সাথে হাতির দেখা হলো। হাতি উচ্ছস্বরে পিঁপড়াকে বললো- কিরে পিঁপড়া, এতো ছোট্ট দেহ নিয়ে কোথায় যাচ্ছিস? বনের মধ্যে চলাফেরা করতে তোর কী ভয় করেনা? পিঁপড়া ভয়ে ভয়ে বললো- খাবারের সন্ধানে বনের উত্তর পাশে যাচ্ছি। হাতি এই কথা শুনে রেগেমেগে আগুন। পিঁপড়াকে সতর্ক করে বললো- বনের উত্তর পাশে আমার সীমানা। তোদের জন্য ঠিকমতো বনে চলাফেরাও করতে পারিনা। বাঁচতে চাইলে বাসায় ফিরে যা। পিঁপড়া ভাবলো হাতির যে দেহ , বড় বড় যে পা বাড়াবাড়ি করলে এখান থেকে বেঁচে ফেরা মুশকিল। কোন কথা না বলেই পিঁপড়া বাসায় ফিরে গেলো এবং রাজা পিঁপড়াসহ বসতির সকল পিঁপড়াকে বিষয়টি জানালো। একেক পিঁপড়া একেক ভাবে মন্তব্য করতে লাগলো। কোন কোন পিঁপড়া বলতে লাগলো, আমরা আকারে ছোট হতে পারি কিন্ত পৃথিবীর কোন প্রাণীকে পরোয়া করিনা। রাজা পিঁপড়া সবাইকে থামিয়ে দিলো এবং বললো, আমরা বনের অন্যান্য প্রাণীদের বিষয়টি জানাবো। দেখবো তারা বিষয়টির কী সমাধান করে। এই কথা শুনে উপস্থিত পিঁপড়েরা সম্মতি পোষণ করলো।
পরের দিন সকালে রাজা পিঁপড়া বসতির এক সৈন্য পিঁপড়াকে সিংহের কাছে পাঠালো বিষয়টি জানানোর জন্য। সিংহ, হাতি ও পিঁপড়ার মধ্যকার বিষয়টি শোনার পর কষ্ট পেল এবং বলতে লাগলো ছোট হই বড় হই আমরা সবাই প্রাণী। বনের মধ্যে আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। সিংহ সৈন্য পিঁপড়াকে বললো- তুমি বাসায় ফিরে গিয়ে রাজা পিঁপড়াকে বলো, বিষয়টি আমি দেখছি। পরের দিন, দুপুরে সিংহ বনের সব পশুদের এক জায়গায় সমবেত করলো এবং হাতি আর পিঁপড়ার বিষয়টি খুলে বললো। বিষয়টি সবাই শুনে হাতিকে ছিঃ ছিঃ বলে ধিক্কার দিলো। হাতি অপমানিত হয়ে রাগে ক্ষোভে সিংহের ডাকা মজলিস থেকে চলে গেলো। হঠাৎ করে বিকালে গোটা কয়েক পিঁপড়ার সাথে হাতির দেখা হয়ে গেলো এবং দুই চারটা পিঁপড়াকে হাতি মেরে ফেললো। এদিকে বাকি পিঁপড়েরা জান নিয়ে কোনমতে বাসায় ফিরে গেলো এবং রাজা পিঁপড়াকে ঘটনাটি সম্পর্কে বললো। সাথে সাথে রাজা পিঁপড়া বসতির সব পিঁপড়াকে ডাকলো এবং বিকালে ঘটে যাওয়া নৃশংস ঘটনাটি খুলে বললো। ঘটনাটি শোনার পর বসতির পিপড়েরা বলতে শুর“ করলো আমরা সহজে হার মানবো না। যতো বড় প্রাণীই হোক না কেন আমরা লড়াই করে যাবো। রাজা পিঁপড়া হাতিকে গায়েল করার জন্য বসতির পিঁপড়াদের নিয়ে একটি ছক আঁকলো। রাজা পিঁপড়া বসতির সকল পিঁপড়াকে বললো- শনিবার সকালে আমরা দলবেঁধে হাতিকে আক্রমণ করবো। যেই কথা সেই কাজ। শনিবার সকাল দশ ঘটিকার সময় বনের উত্তর পাশে হাতির সীমানায় গিয়ে দলবেঁধে সকল পিঁপড়েরা হাতিকে সামনে পেয়ে চোখে মুখে কামড়াতে লাগলো। হাতি নিরূপায় হয়ে এলোপাথাড়ি বনের মধ্যে দৌড়াতে লাগলো এবং বন ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হলো।
অবশেষে, ছোট ছোট পিঁপড়াদের একতার কাছে মস্ত বড় অহংকারী হাতিও পরাজয় বরণ করলো।



