শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রেমের আগে আত্মগঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
প্রেমের আগে আত্মগঠন

সচ্চিদানন্দ দে সদয়

প্রেম মানুষের জীবনের স্বাভাবিক ও সুন্দর একটি অনুভূতি। প্রেম মানুষকে কোমল করে, অন্যের প্রতি যতœশীল হতে শেখায়, জীবনে আনন্দ যোগ করে। কিন্তু প্রশ্ন হলোÑজীবনের কোন সময়ে, কোন মানসিক প্রস্তুতিতে এবং কী উদ্দেশ্যে আমরা প্রেমকে গ্রহণ করছি? কারণ প্রেম নিজে সমস্যা নয়; সমস্যা তৈরি হয় তখনই, যখন প্রেম জীবনের লক্ষ্যকে সরিয়ে জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। বিশেষ করে কৈশোর ও তারুণ্যের সময়ে এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। এই বয়সে আবেগ তীব্র, কল্পনা প্রবল, অথচ জীবনের বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞতা সীমিত। ফলে সাময়িক আকর্ষণকে অনেক সময় স্থায়ী ভালোবাসা বলে মনে হয়। একজন মানুষকে ঘিরে তখন ভবিষ্যতের সব স্বপ্ন তৈরি হয়। পড়াশোনা, ক্যারিয়ার, পরিবার, আত্মনির্ভরতাÑসবকিছু যেন দ্বিতীয় হয়ে যায়। অথচ এই সময়টিই একজন মানুষের ভবিষ্যৎ ব্যক্তিত্বের ভিত গড়ে দেওয়ার সময়। তাই প্রশ্নটি হওয়া উচিতÑপ্রেম করব কি না, তা নয়; বরং প্রেমের আগে নিজেকে কতটা তৈরি করেছি? নিজেকে তৈরি করা বলতে শুধু ভালো ফলাফল বা অর্থ উপার্জনের যোগ্যতা বোঝায় না।

 

আত্মগঠন অনেক বিস্তৃত একটি বিষয়। নিজের চরিত্র, বিবেক, চিন্তাশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দায়িত্ববোধ, আত্মসম্মান, ধৈর্য এবং অন্য মানুষের প্রতি সম্মানÑসবকিছুর সমন্বয়েই একজন পরিণত মানুষ তৈরি হয়। একজন তরুণ যদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা না রাখে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা না করে, আবেগ নিয়ন্ত্রণ করতে না শেখে, তাহলে শুধু প্রেমের সম্পর্ক তাকে পরিণত করে তুলবেÑএমন নিশ্চয়তা নেই। বরং অপরিপক্বতার কারণে সম্পর্কটি তার জন্য মানসিক চাপ ও হতাশার কারণ হয়ে উঠতে পারে। আমাদের সমাজে প্রেম নিয়ে দুটি বিপরীত প্রবণতা দেখা যায়। একদিকে কেউ কেউ প্রেমকে এমনভাবে উপস্থাপন করেন যেন প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ। অন্যদিকে অনেকে প্রেমকে সম্পূর্ণ নেতিবাচক হিসেবে দেখেন। দুটো অবস্থানই একপেশে। সুস্থ প্রেম জীবনের সৌন্দর্য বাড়াতে পারে, কিন্তু অসুস্থ সম্পর্ক জীবনকে বিপর্যস্তও করতে পারে। সুতরাং প্রয়োজন নিষেধ নয়, প্রয়োজন সচেতনতা।

 

একটি সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন সেখানে দুজন মানুষের ব্যক্তিসত্তার বিকাশের সুযোগ থাকে। ভালোবাসা কাউকে তার পড়াশোনা থেকে দূরে সরিয়ে দেবে না, স্বপ্ন ত্যাগ করতে বাধ্য করবে না, পরিবার থেকে বিচ্ছিন্ন করবে না কিংবা আত্মসম্মান নষ্ট করবে না। বরং সত্যিকারের ভালোবাসা মানুষকে আরও দায়িত্বশীল, আরও মানবিক এবং আরও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দেবে। কিন্তু বাস্তবে আমরা অনেক সময় এর বিপরীত চিত্র দেখি। প্রেমের নামে অতিরিক্ত নির্ভরতা, সারাক্ষণ যোগাযোগের চাপ, সন্দেহ, অধিকারবোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি, বিচ্ছেদের ভয়Ñএসব ধীরে ধীরে ব্যক্তিস্বাধীনতা ও আত্মবিশ্বাসকে ক্ষয় করতে পারে। তখন সম্পর্ক ভালোবাসার জায়গা থেকে সরে গিয়ে মানসিক নির্ভরতার জায়গায় দাঁড়ায়। বিশেষ করে তরুণদের মনে রাখা দরকার, কাউকে ভালোবাসা আর নিজের অস্তিত্ব কাউকে দিয়ে দেওয়া এক বিষয় নয়। নিজের স্বপ্নের মালিক নিজেকেই থাকতে হবে। সম্পর্ক থাকবে, কিন্তু নিজের পরিচয়ও থাকবে। ভালোবাসা থাকবে, কিন্তু আত্মসম্মানও থাকবে। সঙ্গী থাকবে, কিন্তু নিজের লক্ষ্যও থাকবে। কারণ জীবন দীর্ঘ।

 

তারুণ্যের একটি সম্পর্কই জীবনের শেষ সত্য নয়। মানুষের জীবন বদলায়, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়। যে সম্পর্ক আজ অবিচ্ছেদ্য মনে হচ্ছে, কয়েক বছর পর সেটিই হয়তো জীবনের একটি অধ্যায় হয়ে থাকবে। কিন্তু সেই সময়ের মধ্যে অর্জিত শিক্ষা, দক্ষতা, চরিত্র ও আত্মবিশ্বাস সারা জীবন সঙ্গে থাকবে। এই জায়গাতেই আত্মগঠনের গুরুত্ব সবচেয়ে বেশি।

 

একজন তরুণ যদি নিজের শিক্ষা শেষ করে, কোনো পেশাগত দক্ষতা অর্জন করে, অর্থনৈতিকভাবে দাঁড়ানোর চেষ্টা করে এবং মানসিকভাবে পরিণত হয়, তাহলে তার সম্পর্কের সিদ্ধান্তও সাধারণত বেশি বাস্তবসম্মত হয়। তখন সে শুধু আবেগ দিয়ে নয়, বিবেচনা দিয়ে মানুষকে মূল্যায়ন করতে শেখে। সে বুঝতে পারেÑশুধু চেহারা, কথার মাধুর্য কিংবা মুহূর্তের আকর্ষণ দিয়ে জীবনসঙ্গী নির্বাচন করা যায় না। মানুষের চরিত্র, দায়িত্ববোধ, মূল্যবোধ, আচরণ ও ভবিষ্যৎ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ।

 

অন্যদিকে আত্মগঠনহীন আবেগ অনেক সময় মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। শুধু ‘সে আমাকে ভালোবাসে’Ñএই একটি কারণ দিয়ে কোনো সম্পর্ককে নিরাপদ বা উপযুক্ত ধরে নেওয়া যায় না। একজন মানুষ কেমন জীবনযাপন করে, তার মূল্যবোধ কী, সে দায়িত্ব নিতে পারে কি না, অন্যকে সম্মান করে কি নাÑএসব প্রশ্নও গুরুত্বপূর্ণ। এখানে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাও রয়েছে।

 

তরুণদের প্রেমের বিষয়ে শুধু ভয় দেখানো বা শাসন করলেই সমস্যার সমাধান হবে না। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে কথা বলতে হবে। আবেগ কী, আকর্ষণ কী, দায়িত্ব কী, সুস্থ সম্পর্ক কাকে বলেÑএসব বোঝাতে হবে। একই সঙ্গে তাদের সামনে এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে হবে, যেখানে শিক্ষা, দক্ষতা, খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীলতা ও কর্মসংস্থানের সুযোগ থাকবে। কারণ শূন্যতা থেকেই অনেক সময় অতিরিক্ত আবেগের জন্ম হয়। যার নিজের কোনো লক্ষ্য নেই, সে অন্য একজন মানুষকেই হয়তো নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলে। তাই তরুণদের বলা দরকারÑনিজেকে ব্যস্ত রাখো, কিন্তু শুধু ব্যস্ত থাকার জন্য নয়; নিজেকে উন্নত করার জন্য।

 

বই পড়ো, নতুন কিছু শেখো, শরীরচর্চা করো, পরিবারকে সময় দাও, সমাজকে বোঝো, নিজের দক্ষতা বাড়াও। নিজের এমন একটি পরিচয় তৈরি করো, যাতে তোমাকে চিনতে অন্য কারও পরিচয়ের প্রয়োজন না হয়। আত্মগঠন মানুষকে প্রেম থেকে দূরে সরিয়ে দেয় না; বরং প্রেমকে আরও সুস্থ ও সুন্দর করে। কারণ পরিণত মানুষ জানে, ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়Ñপ্রয়োজনে সম্মান দিয়ে দূরত্বও মেনে নেওয়া।

 

ভালোবাসা মানে শুধু অধিকার নয়Ñস্বাধীনতার প্রতিও শ্রদ্ধা। ভালোবাসা মানে শুধু আবেগ নয়Ñদায়িত্বও। আমাদের তরুণদের সামনে তাই একটি নতুন জীবনদর্শন তুলে ধরা প্রয়োজনÑ‘আগে নিজেকে গড়ো, তারপর সম্পর্ককে জায়গা দাও।’ আজ যে বয়সে নিজের ভবিষ্যৎ তৈরি করার কথা, সে বয়সে যদি আমরা শুধু সম্পর্ক টিকিয়ে রাখার চিন্তায় ডুবে থাকি, তাহলে ভবিষ্যতের অনেক দরজা নিজেরাই বন্ধ করে দিতে পারি। আবার নিজের ভবিষ্যৎ গড়ে নেওয়ার পর যে ভালোবাসা জীবনে আসে, সেটি অনেক বেশি সচেতন, দায়িত্বশীল ও স্থায়ী হওয়ার সম্ভাবনা রাখে।

 

জীবনে প্রেম আসবেই। কখনো তা থাকবে, কখনো থাকবে না। কেউ হয়তো পাশে থাকবে সারাজীবন, কেউ হয়তো মাঝপথে চলে যাবে। কিন্তু নিজের শিক্ষা, দক্ষতা, চরিত্র, আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসÑএসবই শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় সম্পদ।তাই প্রেমকে ভয় নয়, প্রেমকে বোঝার শিক্ষা দরকার। প্রেমকে অস্বীকার নয়, প্রেমের আগে নিজের ভিত শক্ত করার শিক্ষা দরকার। কারণ যে নিজেকে গড়ে তুলতে পারে, সে শুধু ভালোবাসতে শেখে নাÑসে ভালোবাসার যোগ্য একজন মানুষও হয়ে ওঠে। জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কের জন্য তাই তাড়াহুড়ো নয়। আগে নিজের ভিত তৈরি হোক। নিজের স্বপ্নের সঙ্গে নিজের পরিচয় তৈরি হোক। নিজের পায়ে দাঁড়ানোর শক্তি তৈরি হোক। তারপর প্রেম আসুকÑজীবনকে পূর্ণ করতে, জীবনকে গ্রাস করতে নয়। প্রেমের আগে আত্মগঠনÑএই হোক তারুণ্যের নতুন অঙ্গীকার।

লেখক: সংবাদকর্মী

Ads small one

সাতক্ষীরায় জেলা মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত

সংবাদদাতা: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল বলেন, মানুষের কাছে কোরআনের সঠিক শিক্ষা পৌঁছে দিতে এবং সমাজের নৈতিক অবক্ষয় দূর করতে আলেম-ওলামা ও মুফাসসিরদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে কোরআন ও ইসলামের সুমহান আদর্শের সঙ্গে সম্পৃক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কোরআনের আলোকে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহমর্মিতা ও ন্যায়বোধ জাগ্রত করতে হবে। দ্বীনি জ্ঞানচর্চার পাশাপাশি সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আলেমদের অন্যতম দায়িত্ব।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা আল আমিন ট্রাস্ট কার্যালয়ের কাজী শামছুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আব্দুল কাদের জিহাদী।
সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি ড. রুহুল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ এবং সাতক্ষীরা সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুরস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আহম্মদ আলী, সাতক্ষীরা জেলা কমিটির সদস্য মাওলানা আজিজুল ইসলাম জিহাদী, মাওলানা রেজাউল করিম, মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, মাওলানা ইমাম হাসান নাসেরী, জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মাওলানা তরিকুল ইসলাম জিহাদী প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। তাই কোরআন-সুন্নাহর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দিতে হবে।
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, মুফাসসির, ইমাম-খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সংগঠনটির ২০২৬-২৮ সেশনে সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হন মাওলানা মনিরুল ইসলাম বেলালি ও সেক্রেটারী নির্বাচিত হন মাওলানা মনিরুল ইসলাম ফারুকি। এছাড়া সহসভাতি মনোনিত হন মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, মাওলানা আব্দুল মজিদ, ইমাম হাসানসহ কমিটির ২৪ জনের নাম ঘোষণা করা হয়।

এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই সরকার জনগণকে যে কথা দিয়েছিল সেই কথা রাখেনি। তাই দাবি আদায়ের প্রস্তুতি নিন, আমরা আশাবাদী, আমরা আস্থাশীল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য সব দাবি আদায় করা হবে। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে যাবো। এরপর ঢাকায় লংমার্চ হবে। ঢাকায় যেতে প্রয়োজনে চিড়া মুড়ি নিয়ে যাবো। চিড়ামুড়ি নিয়ে আপনারাও চলে আসবেন। দাবি আদায় করেই ফিরবো।’

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল। কুমিল্লা বিভাগ হয়নি হয়েছে সিলেট। এরপর ফ্যাসিবাদ সরকার বলেছিল কুমিল্লায় বিভাগ হবে না। কারণ কুমিল্লায় খন্দকার মুশতাক আছে। এখন কেন কুমিল্লা বিভাগ হবে না? কুমিল্লাবাসীর অপরাধ কী? কী কারণে একটি অঞ্চলকে বঞ্চিত করা হবে?’

তিনি বলেন, ‘আমরা খবর পাচ্ছিলাম রাস্তায় কেউ বাধা দেবে। রাস্তায় বাধা দিলে, দ্বিগুণ শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছাবো। আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবোই।’

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার ভূমিজ ফাউন্ডেশন মিলনায়তনে ১৪টি সিএসও হাবের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সমতা ফোরামের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য কুমার সাহা। সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমতা ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

সভার প্রারম্ভে বিগত সভার কার্যবিবরণী ও রেজুলেশন পাঠ করে শোনান এমদাদুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রেস ইনস্টিটিউট বিআইজিএম আয়োজিত প্রশিক্ষণ শেষ করে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু। তিনি সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য অ্যাকশনএইড, ইউরোপীয় ইউনিয়ন এবং বিআইজিএম কর্তৃপক্ষের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সামাজিক অধিকার সুরক্ষা ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে সিএসও হাবগুলোর পারস্পরিক নেটওয়ার্কিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।