সম্পাদকীয়/ জলাবদ্ধতা নিরসনে চাই কার্যকর পদক্ষেপ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চ-ীপুর গ্রামের বাসিন্দারা কৃত্রিম জলাবদ্ধতার দরুন যে চরম ভোগান্তির মুখোমুখি হয়েছেন, তা এক করুণ ও উদ্বেগজনক চিত্র ফুটিয়ে তোলে। প্রায় ৫০০ ঘরবাড়ি, চলাচলের পথ এবং শিক্ষাপ্রতিষ্ঠান আজ হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। জীবনের স্বাভাবিক গতি থমকে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন রান্নাবান্না ও চলাচলের মতো মৌলিক চাহিদা পূরণ করাও যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে সাধারণ মানুষের ক্ষোভ ও কষ্ট অমূলক নয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, এই সংকটের মূলে রয়েছে অপরিকল্পিতভাবে গড়ে তোলা মৎস্য ঘের এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করা। জনস্বার্থকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যক্তিস্বার্থ উদ্ধার বা অপরিকল্পিত ভূ-ব্যবহার যে পুরো একটি সমাজকে কীভাবে অচল করে দিতে পারে, শ্যামনগরের এই ঘটনা তারই এক স্পষ্ট উদাহরণ। এমনকি কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ার খবর আমাদের স্মরণ করিয়ে দেয় পরিস্থিতি কতটা স্পর্শকাতর রূপ নিয়েছে।
পরিস্থিতি নিরসনে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনের যে উদ্যোগের কথা জানা যাচ্ছে, তা প্রশংসনীয় হলেও জরুরি হলো কাজের দ্রুত বাস্তবায়ন। শুধু সমস্যার আশ্বাস নয়, পানি দ্রুত নিষ্কাশনে কার্যকরী পাইপ বসানো ও স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি, ভবিষ্যতে যেন এমন কৃত্রিম জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য স্থায়ী তদারকি ও পরিকল্পনা জরুরি। জনভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধান নিশ্চিত করবেনÑএটাই প্রত্যাশা।









