প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। রুপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার এসে এমন দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিস এনামুল হোক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারদ বিন শফিক, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ।
সভায় সুন্দরবনের নদী, খাল ও যেখানে সেখানে যাতে কোনো ধরনের প্লাস্টিক ও পলিথিন ফেলা না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে এবং প্লাস্টিক-পলিথিন ব্যবহার কমাতে পারিবারিক অবস্থান থেকে শুরু করতে সকলকে অনুরোধ করা হয়। এছাড়াও প্লাস্টিক দূষণ কমানো, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে প্লাস্টিক ও গৃহস্থালি বর্জ্য ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে উপকূলীয় শ্যামনগরের নদী-খাল ও জলাশয়ে প্লাস্টিক বর্জ্য জমে জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরামর্শ সভায় রুপান্তরের ইয়ুথ ফর দ্যা সুন্দরবন ফরামের আহবায়ক মুন্তাকিমুল ইসলাম, আশিকুর রহমান আশিক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









