বাংলাদেশের সাবেক কোচ ক্রুইফ এবার আসছেন ভিন্ন ভূমিকায়
২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। বাংলাদেশ অধ্যায়ে ১৬ ম্যাচে তার জয় মাত্র দুটি। চাকরি হারিয়ে বাংলাদেশ ছাড়ার পর অ্যামেচার ক্লাব নিয়ে কাজ করেছেন তিনি। শোনা যায়, পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। এবার ৫৫ বছর বয়সী এই কোচকে ভিন্ন ভূমিকায় ফিরিয়ে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে তাকে নিয়োগ দিতে যাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘অনূর্ধ্ব-১৭ দলের কোচ হয়ে ক্রুইফ এবার আসছেন। দুই মাস কোচিং করাবেন। এরপর প্রয়োজন হলে তার মেয়াদ বাড়ানো হবে।’
ডাচ এই কোচকে ভবিষ্যতে বাংলাদেশের সব বয়সভিত্তিক দলের দায়িত্ব দেওয়ার ইচ্ছা রয়েছে বাফুফের। তবে তার আগে অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে তাঁর কাজের ধরন ও ফলাফল দেখতে চায় ফেডারেশন।
আগামী ২৪ সেপ্টেম্বর ক্রুইফের ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকায় পৌঁছে পরদিনই যশোরের শামসুল হুদা একাডেমিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।
আগামী ৮ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে সিরিয়া, ভুটান, ম্যাকাও ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্বকে সামনে রেখেই অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রুইফ।









