বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শ্রীউলায় চেয়ারম্যান প্রার্থী মান্নানের নির্বাচনী প্রচার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
শ্রীউলায় চেয়ারম্যান প্রার্থী মান্নানের নির্বাচনী প্রচার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও আশাশুনি বিআরডিবির একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নান দীর্ঘদিন ধরেই প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। সম্প্রতি তিনি মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে পথসভা ও উঠান বৈঠক করছেন।

ইতোমধ্যে তিনি দক্ষিণ পুঁইজালা প্রাথমিক বিদ্যালয়, পুঁইজালা পূর্বপাড়া মনীন্দ্র মেম্বারের বাড়ি, পুঁইজালা পশ্চিমপাড়া মোড়ল বাড়ি, উত্তর পুঁইজালা হাটখোলা, বিল থানাঘাটা সাইক্লোন শেল্টার, বকচর প্রফেসর বিধান বাবুর বাড়ি এবং বিল মহিষকুড় দুর্গামন্দির চত্বরে নির্বাচনী উঠান বৈঠক করেছেন। এসব অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উঠান বৈঠকগুলোতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন আলহাজ আবদুল হামিদ, অরুণ কুমার মণ্ডল, মো. আবদুল্লাহ, আবদুল মালেক, পঙ্কজ কুমার সরকার, প্রফেসর বিধান চন্দ্র মণ্ডল ও রমেশ কুমার সানা।

Ads small one

শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
শ্যামনগরে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত, শিশুর সুরক্ষা আর নয় উপেক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে অ্যাকশনএইড বাংলাদেশের ‘এলআরপি-৫৪’ প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় উপজেলার ২০ নম্বর রমজাননগর, ৭৬ নম্বর পাতড়াখোলা, ১৪৩ নম্বর মধ্যম রমজাননগর ও ২২ নম্বর ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল ছাত্রীদের ফুটবল, ছাত্রদের কাবাডি, অভিভাবকদের মধ্যে মায়েদের বালিশখেলা ও বাবাদের রশি টানাটানি।

আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত ফুটবল খেলায় টাইব্রেকারে ২০ নম্বর রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ২২ নম্বর ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, কাবাডি প্রতিযোগিতায় বেশি পয়েন্ট অর্জন করে ৭৬ নম্বর পাতড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪৩ নম্বর মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জেতে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও প্রভাষক ছামিউল আযম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, ইউপি সদস্য সোহরাব হোসেন ও শিক্ষক রণজিৎ কুমার বর্মন। স্বাগত বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশ শ্যামনগরের প্রধান কর্মকর্তা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বুধহাটা বাজারে অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
বুধহাটা বাজারে অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা বাজার খেয়াঘাট চত্বরে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলালউদ্দিন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আইনজীবী শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ এবং আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি এস কে হাসান।

অনুষ্ঠান পরিচালনা করেন বুধহাটা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ, বাজার কমিটির সম্পাদক নুরুজ্জামান জুলু, ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, সাবেক ছাত্রদল সভাপতি ফারুক হোসেন, মনিরুজ্জামান মনিসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা।

আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার

গত বছর আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা-সমালোচনা। নিলামে বাংলাদেশি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু মাঠে নামার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে দল থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

সেই ঘটনার প্রভাব গড়ায় আরও বহুদূর। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্টেও অংশ নেয়নি বাংলাদেশ দল। দেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ হয়ে যায়। সব মিলিয়ে মোস্তাফিজকে কেন্দ্র করে ক্রিকেটীয় সম্পর্কের বাইরেও তৈরি হয়েছিল তুমুল উত্তেজনা।

সেই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে আবারও কি আইপিএলে দেখা যাবে? এবার সেই সম্ভাবনা তৈরি হয়েছে। আইপিএলের আগামী মৌসুমের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে পরিচিত মুখ তিনি। এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন নয়টি মৌসুম। ২০১৬ সালে অভিষেক আসরেই জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএলের ইতিহাসে এই পুরস্কারজয়ী একমাত্র বিদেশি ক্রিকেটারও মোস্তাফিজ।

আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে ৬০ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তার বোলিং গড় নয়, ওভারপ্রতি রান খরচ ৮.১৩। মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও এবারের নিলামে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে চান। জানা গেছে, সব মিলিয়ে ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। ১৭ নভেম্বর পর্যন্ত নিলামে নাম নিবন্ধনের সুযোগ থাকছে ক্রিকেটারদের।

আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলামের আসর। এই নিলামের মাধ্যমে নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের সঙ্গে নতুন খেলোয়াড় যুক্ত করে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে গড়ার সুযোগ থাকছে না। বরং নিজেদের পরিকল্পনা ও প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ছেড়ে দেওয়া কিংবা ধরে রেখেই নিলামে অংশ নিতে হবে দলগুলোকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন এবং সর্বনিম্ন ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি দলের খেলোয়াড় কেনার মোট ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। তবে নিলামে অংশ নেওয়ার সময় কোন দলের হাতে কত টাকা থাকবে, তা এখনো নির্ধারিত হয়নি। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবশিষ্ট অর্থের পরিমাণ জানা যাবে।