মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: যশোর ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: যশোর ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় কর্মসূচি

পত্রদূত ডেস্ক: ৪৮ বছরের সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে ও বিকেলে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সাতক্ষীরায় বিএনপির শোভাযাত্রা ও গাছের চারা বিতরণ:

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ প্রশাসকের বাসভবনের সামনে আলোচনা সভায় মিলিত হয়। কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভা শেষে সেখানে চারা বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলারোয়ায় শোভাযাত্রা ও সমাবেশ:

টানা বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে কলারোয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক আরশাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন প্রমুখ। সভা শেষে চারা বিতরণ করা হয়।

Oplus_131072

দেবহাটায় বিশাল শোভাযাত্রা:

দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেল ৪টায় দেবহাটা উপজেলা বিএনপির উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল শোভাযাত্রাটি বের হয়ে পারুলিয়া ও সখিপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম এবং পারুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম। পরে কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীমের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্যামনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ঐক্যের আহ্বান:

সাতক্ষীরার শ্যামনগরে বিকেলে পৌর সদরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবীরের সভাপতিত্বে ও সদস্যসচিব আশেক-ই এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, সমাজে নানা সময়ে সুযোগ সন্ধানীদের অপচেষ্টা থাকে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও সবাইকে সতর্ক থাকতে হবে এবং দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, কেন্দ্রীয় কৃষকদল নেতা আইনজীবী খান আব্দুস সালাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আব্দুস শহীদ, আবুল কালাম মোড়ল ও সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম।

পাটকেলঘাটায় শোভাযাত্রা ও কেক কাটা:

তালার পাটকেলঘাটায় আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাটকেলঘাটার বাবলু মার্কেট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাবলু মার্কেটে এসে শেষ হয়।

এর আগে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিএনপি নেতা হাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ ও মন্টু। সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সাতক্ষীরা জেলা জাসাসের সংস্কৃতি অনুষ্ঠান ও আনন্দ মিছিল:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বিকেলে শহরের এবি খান পেট্রোল পাম্পের সামনে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, পৌর জাসাসের আহ্বায়ক সিরাজ আনোয়ার রাজ, সদস্যসচিব মো. রাজু আহম্মেদ রাজু, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্যসচিব মো. শাহাদাত হোসেন ও পাটকেলঘাটা জাসাসের আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেল। সন্ধ্যায় মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শুভেচ্ছা মিছিল:

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু।

সাতক্ষীরা সদরে আনন্দ শোভাযাত্রা:

জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফের নেতৃত্বে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের প্রাণিসম্পদ মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ আবদুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে মিলিত হয়।

কেশবপুরে দোয়া মাহফিল ও আলোচনা:

যশোরের কেশবপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক আলাউদ্দীন আলা, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন মুকুল প্রমুখ। পরে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বিকেলে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টিসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা মণিরামপুর শহরের সড়কগুলো প্রদক্ষিণ করে।

Ads small one

জিএম নূর ইসলামের মৃত্যুতে জেলা সাহিত্য পরিষদের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
জিএম নূর ইসলামের মৃত্যুতে জেলা সাহিত্য পরিষদের শোক

সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের উপদেষ্টা ম-লীর সদস্য এবং দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা সাহিত্য পরিষদ।
এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আবুল কালাম বাবলা, প্রফেসর আবু নছর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আব্দুর রহিম, জেলা কমিটির সভাপতি মো. শহীদুর রহমান, সহসভাপতি আব্দুর রব ওয়ার্ছী, অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক ম. জামান, হুমায়ূন কবির, মো. মনিরুজ্জামান মুন্না, মো. সালাহ উদ্দীন রানা, হেনরী সরদার, মঞ্জুরুল হক, সৈয়দ একতেদার আলী, অধ্যক্ষ মো. রেজাউল করিম, রেবেকা সুলতানা, মো. আসিফুল আলম, গাজী মনির, ইকবাল হোসেন, প্রশান্ত কুমার পাল, ড. মুফতি আক্তারুজ্জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রেসবিজ্ঞপ্তি

তালায় রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত বিনষ্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
তালায় রাতের আঁধারে কৃষকের সবজি ক্ষেত বিনষ্ট

খলিশখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামে এক কৃষকের মাছের ঘেরের আইলে চাষ করা সবজি কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক মনিরুজ্জামান বিশ্বাস মাগুরা-পাটকেলঘাটা সড়কের পাশে প্রায় দুই থেকে তিন বিঘা জমির ঘেরের আইলে ঝিঙে, লাউ, বরবটি ও শসাসহ বিভিন্ন সবজির চাষ করেছিলেন। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা এসব সবজিগাছ কেটে বিনষ্ট করে।
কৃষক মনিরুজ্জামান জানান, পূর্বশত্রুতার জেরে গ্রামেরই কিছু লোক এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন। ঘটনাটির সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: সড়কে দুর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ সাতক্ষীরা সার্কেল প্রতি মাসে স্কুল, কলেজ ও মাদ্রাসায় চলমান প্রচারণার অংশ হিসেবে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে এই কর্মসূচির আয়োজন করে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জমির হোসেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক ও উচ্চমান সহকারী মো. নাছির উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের ট্রাফিক সাইন মেনে চলাসহ সড়ক নিরাপত্তার বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইনের লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।