খলিষখালীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা বিষয়ে কর্মশালা
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালার খলিষখালী এসএটিসি কলেজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে পিছিয়ে পড়া ও নি¤œআয়ের মানুষ প্রায়ই কাঙ্ক্ষিত চিকিৎসা পান না। তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) পাশাপাশি স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবহেলিত এই মানুষগুলো যাতে পুষ্টিহীনতায় না ভোগেন, সেদিকে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আইনজীবী মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন খলিষখালী এসএটিসি কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, সাংবাদিক শাহিন আলম, মাওলানা আব্দুর রাজ্জাক, প্রকল্পের মনিটরিং কর্মকর্তা নাজমুল ইসলাম, ইউপি সচিব বিশ্বজিৎ ঘোষ, স্বাস্থ্যকর্মী শেখ আব্দুস সবুর, হাফিজুর রহমান ও চায়না খাতুন।












