মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

 

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে বাদ দিয়ে কোম্পানিটির নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির কমিশন সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত পর্ষদ অনুমোদন করা হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, পুনর্গঠিত পর্ষদে মোট সদস্য থাকছেন ৯ জন। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের সংখ্যা তিনজন। তারা হলেন—আহমেদ সোহেল ফসিহুর রহমান (এ এস এফ রহমান), ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ।

এছাড়া চারজন স্বতন্ত্র পরিচালক রাখা হয়েছে। কোম্পানির শেয়ারধারী হিসেবে আইএফআইসি ব্যাংকের একজন প্রতিনিধি এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পর্ষদে রাখা হয়েছে।

কোম্পানিটির ইতিহাসে এবারই প্রথম ব্যবস্থাপনা পরিচালককে পরিচালনা পর্ষদের সদস্য করা হয়েছে। পুনর্গঠিত পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাগরিষ্ঠতা থাকায় পরিচালনায় তাঁদের ভূমিকা আগের তুলনায় বেড়েছে।

সরে দাঁড়াতে সম্মত সালমান এফ রহমান

এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া চিঠিতে জানানো হয়, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। তার সম্মতির ভিত্তিতেই তাকে বাদ দিয়ে পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।

কোম্পানির ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসির পক্ষ থেকেও পর্ষদ পুনর্গঠনের বিষয়ে সম্মতি দেওয়া হয়। পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার নতুন পর্ষদ অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও সুনামের ওপর যে চাপ তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়েই সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেই বিবেচনাও এতে কাজ করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বিদেশি বিনিয়োগকারীদেরও সম্মতি

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস শুধু দেশের শেয়ারবাজারেই তালিকাভুক্ত নয়, কোম্পানিটির শেয়ার লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) লেনদেন হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোম্পানিটির বিদেশি বিনিয়োগকারীরাও ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় সালমান এফ রহমানকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনার সঙ্গে একমত হয়েছেন।

শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস দেশের ওষুধ খাতের একটি প্রতিষ্ঠিত কোম্পানি। তবে মালিকানা ও পরিচালনা কাঠামোর সঙ্গে সালমান এফ রহমানের সম্পৃক্ততার কারণে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির ব্যবসা ও সুনাম নিয়ে নানা ধরনের চাপ তৈরি হয়েছিল।

তাকে বাদ দিয়ে নতুন পর্ষদ গঠনের ফলে কোম্পানিটির পরিচালনা কাঠামোয় পরিবর্তন এসেছে। বিশেষ করে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাগরিষ্ঠতা এবং ব্যবস্থাপনা পরিচালকের পর্ষদে অন্তর্ভুক্তির বিষয়টি কোম্পানির পরিচালনায় নতুন কাঠামো তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুনাফায় শক্ত অবস্থান

রাজনৈতিক ও ব্যবসায়িক নানা চাপের মধ্যেও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আর্থিক কার্যক্রমে মুনাফা অব্যাহত রয়েছে।

কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি ২২২ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা।

নতুন পর্ষদ গঠনের পর কোম্পানিটির পরিচালনা ও ব্যবসায়িক কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসে এবং তা দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে শেয়ারবাজারসংশ্লিষ্টদের।

Ads small one

কলারোয়ায় মিথ্যা মামলায় ভ্যানচালক পরিবারসহ এলাকাছাড়া, বিচারের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
কলারোয়ায় মিথ্যা মামলায় ভ্যানচালক পরিবারসহ এলাকাছাড়া, বিচারের দাবি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিকনগর গ্রামের শামছুল গাজীর ছেলে জিয়ারুল গাজী (৫০) নামে এক হতদরিদ্র ভ্যানচালক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা দিয়ে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ফিরতে পারছেন না।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মামলার বাদী আব্দুর রশিদ গাজীর মেয়ে ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে জিয়ারুলদের জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে এই মামলা করেছেন।

অনুসন্ধানে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে মারামারি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ফাতেমা খাতুন মামলাটি করেন। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, নিরাপত্তাহীনতার কারণে আসামিরা সাত মাস আগেই উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোর্দ গ্রামে গিয়ে বসবাস শুরু করেছেন। ঘটনার দিন তাঁরা এলাকায় ছিলেন না। কম মূল্যে জমি বিক্রি না করায় ক্ষিপ্ত হয়ে এই মিথ্যা মামলা করা হয়েছে বলে স্থানীয় ব্যক্তিদের দাবি। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হয়রানি বন্ধসহ দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

মামলার সাক্ষী খোর্দ বাটরা গ্রামের বাসিন্দা কিনা মজুমদার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে উল্লেখ করেন। অন্যদিকে মামলার বাদী ফাতেমা খাতুন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রওশন শেখের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রওশন শেখের যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের রায়
বদিউজ্জামান: সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রওশন শেখ (৫৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রওশন শেখ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পাটকেলঘাটার গণেশপুর গ্রামের ভ্যানচালক কামরুল শেখের ১৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী কন্যা খলিশখালী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। স্কুলে যাতায়াতের পথে আসামি বিভিন্ন সময় খাবার দেওয়ার কথা বলে ওই শিশুর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করত বলে মামলায় অভিযোগ করা হয়।
২০২৫ সালের ২২ মে বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আসামি ৫ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে তার মুদি দোকানের পেছনে একটি পরিত্যক্ত মুরগির ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় মামলা করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারকালে রাষ্ট্রপক্ষ মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন পিপি শেখ আলমগীর আশরাফ।

মামলার নথি অনুযায়ী, আসামি ঘটনার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। অপরদিকে ভুক্তভোগী শিশুর বক্তব্য নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হয়।

আদালত সাক্ষীদের জবানবন্দি, জেরা, নথিপত্র ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে সিদ্ধান্তে পৌঁছে রওশন শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদ- ভোগ করতে হবে।

 

 

 

দেবনগরে চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ ৩০-৪০ পরিবার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
দেবনগরে চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ ৩০-৪০ পরিবার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত একটি যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই গ্রামের ৩০ থেকে ৪০টি পরিবার বিপাকে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় সাত দশক ধরে পথটি ব্যবহারের পর সম্প্রতি স্থানীয় মৃত শামসুর রহমানের ছেলে মো. রুহুল আমিন এটি ইট দিয়ে বন্ধ করে দেন। মূল পথ বন্ধ হওয়ায় বাসিন্দারা এখন মাঠের ভেতর দিয়ে যাতায়াত করছেন। এতে রোগী, প্রবীণ ও শিশুদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।