ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে ছাত্রলীগ নেতা মানিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে কেশবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৮ নভেম্বর মানিক দুই বন্ধুর সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তাঁর দুই বন্ধু আগেই দেশে ফিরে এলেও সোমবার দেশে প্রবেশের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
কেশবপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, কাজী আজহারুল ইসলাম মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকা- ও সহিংসতার অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, মানিকের বাবা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর বড় ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।









