ভ্রাতৃদ্বিতীয়া: ভাই-বোনের অকৃত্রিম ভালোবাসার প্রতীক
প্রকাশ ঘোষ বিধান
ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা ভাই-বোনের অকৃত্রিম ভালোবাসা, স্নেহ ও মধুর সম্পর্কের এক শাশ্বত ও পবিত্র প্রতীক। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই পারিবারিক ও সামাজিক উৎসবে বোনেরা ভাইদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে কপালে ভালোবাসার ফোঁটা পরিয়ে দেয়।
ভাইফোঁটার শাস্ত্রীয় নাম ভ্রাতৃদ্বিতীয়া বা যমদ্বিতীয়া। সাধারণত কালীপূজা বা দীপাবলির দুই দিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব পালিত হয়। ব্যস্ত জীবনের ক্লান্তি ও দূরত্ব ভুলে এদিন ভাই-বোনেরা একত্র হন। ফোঁটা দেওয়া, উপহার বিনিময় ও পারিবারিক ভোজের মধ্য দিয়ে তাঁদের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়।
অঞ্চল ও সম্প্রদায়ভেদে এ উৎসব বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এটি ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া নামে পরিচিত। উত্তর ও পশ্চিম ভারতে ভাইদুজ, মহারাষ্ট্র, গোয়া, গুজরাট ও কর্ণাটকে ভাউবিজ বা ভাইবিজ এবং নেপাল ও ভারতের দার্জিলিং পার্বত্য অঞ্চলে ভাইটিকা নামে উদ্যাপিত হয়। যমদ্বিতীয়া এর শাস্ত্রীয় ও পৌরাণিক নাম।
পৌরাণিক কাহিনি
ভাইফোঁটার প্রচলন নিয়ে দুটি উল্লেখযোগ্য পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে। প্রথমটি যম ও যমুনাকে ঘিরে। পৌরাণিক কাহিনি অনুসারে, মৃত্যুর দেবতা যম একবার এই তিথিতে তাঁর বোন যমুনার বাড়িতে বেড়াতে যান। যমুনা তাঁকে সাদরে আপ্যায়ন করেন এবং পূজা করে খাবার পরিবেশন করেন। বোনের আতিথেয়তায় সন্তুষ্ট হয়ে যম আশীর্বাদ করেন, এই বিশেষ তিথিতে যে ভাই তাঁর বোনের কাছ থেকে ফোঁটা গ্রহণ করবে, তার অকালমৃত্যুর আশঙ্কা দূর হবে। এ কারণেই দিনটি যমদ্বিতীয়া নামেও পরিচিত।
দ্বিতীয় কাহিনিটি ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর বোন সুভদ্রাকে ঘিরে। প্রচলিত মত অনুসারে, নরকাসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণ যখন বোন সুভদ্রার কাছে ফিরে আসেন, তখন সুভদ্রা তাঁকে সাদরে বরণ করেন এবং কপালে বিজয়তিলক এঁকে দেন। এরপর থেকেই ভাই-বোনের ভালোবাসার প্রতীক হিসেবে এ উৎসবের প্রচলন ঘটে বলে অনেকে মনে করেন।
উৎসবের রীতি ও প্রথা
ভাইফোঁটার দিন বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, বোনেরা উপবাস থেকে ভাইয়ের মঙ্গল কামনায় পূজা করেন এবং কপালে চন্দন, দই ও শিশিরভেজা ঘাসের মিশ্রণে ফোঁটা দেন। কোথাও কোথাও বাঁ হাতের অনামিকা আঙুল দিয়ে তিনবার ফোঁটা দেওয়ার রীতি রয়েছে।
ফোঁটা দেওয়ার সময় বোনেরা একটি প্রচলিত ছড়া উচ্চারণ করেন—
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা।’
ফোঁটা দেওয়ার পর ধান ও দুর্বা দিয়ে ভাইয়ের মাথায় আশীর্বাদ করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়। ভাই-বোনেরা পরস্পরকে শুভেচ্ছা ও উপহার দেন। ভাইয়েরাও বোনদের সাধ্যমতো উপহার দিয়ে তাঁদের পাশে থাকার ও সুরক্ষার অঙ্গীকার করেন।
বৈষ্ণব গোস্বামীদের মতে, দিনটি যমদ্বিতীয়া হিসেবে পালিত হয় এবং দুপুরে যমরাজ বা ধর্মরাজের পূজার বিধান রয়েছে। এ ছাড়া যম, যমুনা, চিত্রগুপ্ত ও যমদূতের পূজা এবং যমের উদ্দেশে অর্ঘ্য দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে।
ভাইফোঁটা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি পারিবারিক বন্ধন, ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক মমত্ববোধের বহিঃপ্রকাশ। সময়ের পরিবর্তনে মানুষের জীবনযাত্রা ও সামাজিক বাস্তবতায় নানা পরিবর্তন এলেও ভাই-বোনের এই চিরন্তন সম্পর্কের আবেদন আজও অমলিন। তাই ভ্রাতৃদ্বিতীয়া হয়ে উঠুক পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতির এক অনন্য উৎসব।
প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক ও কলামিস্ট








