মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

মূত্রনালীতে পাথর হতে পারে যেসব কারণে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
মূত্রনালীতে পাথর হতে পারে যেসব কারণে

হঠাৎ তীব্র পেটব্যথা, প্রস্রাবে জ্বালা, কখনও রক্ত—এমন উপসর্গ অনেক সময়ই হতে পারে শরীরে পাথর তৈরির লক্ষণ। চিকিৎসাবিজ্ঞানে যাকে বলা হয় কিডনি বা মূত্রনালীর পাথর।

এই পাথর মূলত শরীরের ভেতরে জমে থাকা খনিজ ও লবণের শক্ত কণা। ছোট হলে অনেক সময় টেরই পাওয়া যায় না, তবে বড় হলে তা তীব্র যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। প্রশ্ন হচ্ছে—কেন তৈরি হয় এই পাথর?

শরীরে কীভাবে পাথর তৈরি হয়

মানুষের প্রস্রাবে স্বাভাবিকভাবেই বিভিন্ন খনিজ ও বর্জ্য পদার্থ থাকে, যা সাধারণত তরলের সঙ্গে বের হয়ে যায়। কিন্তু কোনও কারণে যদি এসব পদার্থের ঘনত্ব বেড়ে যায় বা প্রস্রাব কম তৈরি হয়, তাহলে সেগুলো একত্রিত হয়ে ধীরে ধীরে স্ফটিক তৈরি করে। সময়ের সঙ্গে এই স্ফটিক বড় হয়ে পাথরে পরিণত হয়।

পর্যাপ্ত পানি না খাওয়া

সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো কম পানি পান করা। শরীরে পানি কম থাকলে প্রস্রাব ঘন হয়ে যায়, ফলে খনিজ পদার্থগুলো সহজে জমাট বাঁধে। বিশেষ করে গরম আবহাওয়া বা অতিরিক্ত ঘামের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বাড়ে।

খাদ্যাভ্যাসের প্রভাব

খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত লবণ, প্রাণিজ প্রোটিন (যেমন মাংস) বা অক্সালেটসমৃদ্ধ খাবার (যেমন পালং শাক, বাদাম) বেশি খেলে কিছু মানুষের ক্ষেত্রে পাথর তৈরির ঝুঁকি বাড়তে পারে।

তবে বিষয়টি ব্যক্তিভেদে ভিন্ন—সব খাবার সবার জন্য সমান ঝুঁকিপূর্ণ নয়।

জিনগত কারণ

পরিবারে কারও এ ধরনের সমস্যা থাকলে অন্যদের মধ্যেও ঝুঁকি বেশি থাকে। অর্থাৎ, বংশগত কারণও এখানে প্রভাব ফেলতে পারে।

কিছু রোগ ও শারীরিক অবস্থা

স্থূলতা, ডায়াবেটিস বা হরমোনজনিত অসামঞ্জস্য পাথর তৈরির ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি দীর্ঘদিন শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকা বা বিছানায় থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও এই ঝুঁকি বেশি দেখা যায়।

কিছু ওষুধের প্রভাব

নির্দিষ্ট কিছু ওষুধ বা সাপ্লিমেন্ট দীর্ঘদিন গ্রহণ করলে মূত্রে খনিজের ভারসাম্য পরিবর্তিত হতে পারে, যা পাথর তৈরিতে ভূমিকা রাখে।

প্রস্রাব চেপে রাখা

দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখা মূত্রনালীর স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে। এতে পাথর তৈরির ঝুঁকি কিছুটা বাড়তে পারে।

লক্ষণগুলো কেমন

পাথর ছোট থাকলে অনেক সময় কোনও লক্ষণ থাকে না। তবে বড় হলে তীব্র ব্যথা, প্রস্রাবে জ্বালা, বমিভাব কিংবা প্রস্রাবে রক্ত দেখা যেতে পারে।

কীভাবে ঝুঁকি কমাবেন

বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পানি পান করা, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়।

শেষ কথা

মূত্রনালীর পাথর হঠাৎ তৈরি হয় না—এটি ধীরে ধীরে গড়ে ওঠে। তাই নিয়মিত পানি পান, সঠিক খাদ্যাভ্যাসসহ ছোট ছোট অভ্যাসই এই সমস্যা প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে।

শরীরের নীরব সংকেতগুলো সময়মতো বুঝতে পারলেই বড় ঝুঁকি এড়ানো সম্ভব।

Ads small one

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরে সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিংয়ে নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বনিম্ন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। আর বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।

তবে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নতুন পে-স্কেলের আওতায় আসবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যার ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়টি এখনও সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে।

সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনলে তাদের বেতন-ভাতায় বড় ধরনের পরিবর্তন আসবে। কারণ এমপিওভুক্ত শিক্ষকরা তাদের অনুমোদিত গ্রেডের মূল বেতনের শতভাগ এমপিও হিসেবে পেয়ে থাকেন।

বাড়বে মূল বেতন

নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আনা হলে সবচেয়ে বড় সরাসরি সুবিধা হবে মূল বেতন বৃদ্ধি। তাদের যে গ্রেডে এমপিও রয়েছে, সেই গ্রেডের নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর হলে বর্তমানের তুলনায় বেতন বাড়বে।

এমপিওভুক্ত নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত গ্রেডের মূল বেতনের শতভাগ পেয়ে থাকেন। ফলে নতুন পে-স্কেল বাস্তবায়ন করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান গ্রেড অনুযায়ী নতুন বেতন নির্ধারণ করা হলে, প্রচলিত এই নিয়মেই তারা নতুন স্কেলের বর্ধিত মূল বেতনের সুবিধা পাবেন।

নতুন কাঠামোয় প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডগুলোতে তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানো হয়েছে। ২০তম গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।

ফলে কোনও এমপিওভুক্ত শিক্ষককে তার বিদ্যমান গ্রেডের নতুন বেতন কাঠামোর আওতায় আনা হলে তার মূল বেতনও সংশ্লিষ্ট নতুন হারে নির্ধারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

বাড়বে বার্ষিক ইনক্রিমেন্ট

মূল বেতন বাড়ার ফলে পরবর্তী সময়ে বার্ষিক ইনক্রিমেন্টের অংকও বাড়বে। অর্থাৎ নতুন পে-স্কেলে বেতন নির্ধারণের পর পরবর্তী ইনক্রিমেন্ট তুলনামূলক বেশি মূল বেতনের ভিত্তিতে হিসাব হবে।

বাড়বে উৎসব ও বৈশাখী ভাতা

মূল বেতনের সঙ্গে সম্পর্কিত উৎসব ভাতা ও বৈশাখী ভাতার অংকও নতুন মূল বেতন অনুযায়ী বাড়তে পারে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে এসব সুবিধা কীভাবে কার্যকর হবে, তা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বা পরবর্তী সরকারি সিদ্ধান্তে স্পষ্ট হবে।

বাড়িভাড়াসহ অন্যান্য ভাতায় সুবিধার সুযোগ

নতুন পে-স্কেলে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার কাঠামোও পরিবর্তন করা হয়েছে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এসব ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হলে তাদের ক্ষেত্রেও এসব সুবিধা প্রযোজ্য হবে কি না, তা আলাদা সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

অবসর সুবিধাতেও প্রভাব পড়তে পারে

মূল বেতন বাড়লে বেতননির্ভর অবসরকালীন ও কল্যাণ সুবিধার হিসাবেও প্রভাব পড়তে পারে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার নির্দিষ্ট কাঠামো অনুযায়ী এ সুবিধা কীভাবে কার্যকর হবে, সেটি পরবর্তী সিদ্ধান্তে নির্ধারিত হবে।

মূল বিষয় এমপিওভুক্তির সিদ্ধান্ত

নতুন পে-স্কেল অনুমোদন হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্বয়ংক্রিয়ভাবে নতুন পে-স্কেলের অংশ হয়ে যাচ্ছেন না। তাদের অন্তর্ভুক্তির বিষয়ে সরকারকে আলাদা সিদ্ধান্ত নিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য অনুযায়ী, বর্তমানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে নতুন পে-স্কেলের মূল বেতন, ইনক্রিমেন্ট, উৎসব ও বৈশাখী ভাতা এবং অন্যান্য সুবিধা পাওয়ার বিষয়টি তাদের নতুন বেতন কাঠামোর আওতায় অন্তর্ভুক্তির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

অর্থাৎ, নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হলে তাদের সবচেয়ে বড় সুবিধা হবে গ্রেড অনুযায়ী নতুন ও বর্ধিত মূল বেতন পাওয়া। এর সঙ্গে মূল বেতননির্ভর অন্যান্য আর্থিক সুবিধাও বাড়ার সুযোগ তৈরি হবে।

তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত পর্যটক ও জেলেদের যাত্রা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
তিন মাস পর সুন্দরবন উন্মুক্ত, বৈরী আবহাওয়ায় বাধাগ্রস্ত পর্যটক ও জেলেদের যাত্রা

পত্রদূত ডেস্ক: টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য উন্মুক্ত হয়েছে সুন্দরবন। সুন্দরবনে প্রবেশের অনুমতি (পাস) পেয়ে উচ্ছ্বসিত জেলে-বাওয়ালিরা। তবে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পর্যটকদের আনাগোনা কম এবং বনে যাওয়ার যাত্রাও কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক মশিয়ুর রহমান জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশন থেকে এ মৌসুমে মাছ ধরা ও ইকোট্যুরিজমের জন্য ২৯৩৮ টি বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) নবায়ন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৫৯টি পাস ইস্যু করা হয়েছে। এসব পাসের মাধ্যমে চার শতাধিক জেলে-বাওয়ালি সুন্দরবনে প্রবেশের অনুমতি পেয়েছেন। এ ছাড়া পর্যটকদের জন্য কলাগাছি ও দোবেকি ইকোট্যুরিজম কেন্দ্রও প্রস্তুত রাখা হয়েছে।

তবে সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পর্যটকদের তেমন দেখা যায়নি। পাস নিয়ে সুন্দরবনে প্রবেশের অপেক্ষায় থাকা জেলে ও পর্যটন নৌকার মাঝিদেরও বৈরী আবহাওয়ার কারণে অপেক্ষা করতে হচ্ছে।

তিনি বলেন, ইকোট্যুরিজমের জন্য কলাগাছি ও দোবেকি ইকোট্যুরিজম কেন্দ্র প্রস্তুত রয়েছে। তবে আবহাওয়া বৈরী থাকায় এখনো পর্যটকদের তেমন আনাগোনা দেখা যায়নি। আবহাওয়া অনুকূলে এলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন তাঁরা।

তিন মাস পর পাস পেয়ে স্বস্তি ফিরেছে জেলে-বাওয়ালিদের মধ্যেও। শ্যামনগরের জেলে শহিদুল ইসলাম বলেন, এতদিন পাস বন্ধ থাকায় তাদের কষ্টে দিন কাটাতে হয়েছে। এখন পাস দেওয়া শুরু হয়েছে। ঝড়-বৃষ্টি থাকলেও সুন্দরবনে যেতে হবে। বনে মাছ ধরে সংসার চালাতে হবে।

তবে আনন্দের পাশাপাশি তাদের মনে রয়েছে জলদস্যু ও বনদস্যুর ভয়। আরেক জেলে বলেন, তিন মাস পর পাস পেয়ে তারা খুশি হয়ে বনে মাছ ধরতে যাচ্ছেন। কিন্তু বনে জলদস্যুর ভয়ও কাজ করছে। জেলে-বাওয়ালি হিসেবে সুন্দরবনে না গেলে তাদের সংসার চলে না। তাই ভয় থাকলেও জীবিকার তাগিদে বনে যেতে হচ্ছে। তবে বিএলসি নবায়নে বনকর্মকর্তারা সরকারি খরচের চেয়ে দালাল মারফত অতিরিক্ত টাকা আদায় করায় তাদের বিপাকে পড়তে হয়েছে।

পর্যটক নৌকার মাঝি আমিনুর রহমান বলেন, তিন মাস পর আজ পাস পেয়েছেন তারা। এতে খুবই খুশি। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে নৌকা নিয়ে আপাতত অপেক্ষা করছেন। আবহাওয়া কিছুটা ভালো হলে পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করবেন।

পর্যটক ইমরান হোসেন বলেন, সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূমির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তাঁরা এসেছেন। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কাছাকাছি এসে আটকে যেতে হয়েছে। বৃষ্টি থামলে আবার সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন।

সুন্দরবনে মাছ ধরার পাশাপাশি পর্যটকদের প্রবেশের পথও আজ থেকে খুলে দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিন পর্যটকদের উপস্থিতি ছিল কম। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের আনাগোনা বাড়বে।

সুন্দরবনে জেলেদের নিরাপত্তার বিষয়ে মশিউর রহমান বলেন, সুন্দরবন বন্ধ থাকার সময়ও কোস্টগার্ডের সঙ্গে যৌথ দল কাজ করেছে। এখনো যৌথ টহল কার্যক্রম চলমান রয়েছে। দস্যুদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে বন বিভাগের নিয়মিত যোগাযোগ রয়েছে।

প্রতি বছর মাছের প্রজনন মৌসুম ও বনের জীববৈচিত্র্য রক্ষায় পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও জেলে-বাওয়ালিদের প্রবেশ বন্ধ থাকে। দীর্ঘ এই নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবার খুলে দেওয়া হলো সুন্দরবনের প্রবেশদ্বার। ফলে জীবিকার আশায় বনে ফিরছেন উপকূলের হাজারো বনজীবী। একই সঙ্গে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে পর্যটকদের জন্যও খুলে গেল সুন্দরবনের দরজা।

 

সুন্দরবনে জাহাঙ্গীর আনারুল দুলাভাই ও আফতাব বাহিনীর ৫২ সদস্যের র‌্যাবের কাছে আত্মসমার্পণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
সুন্দরবনে জাহাঙ্গীর আনারুল দুলাভাই ও আফতাব বাহিনীর ৫২ সদস্যের র‌্যাবের কাছে আত্মসমার্পণ

পত্রদূত ডেস্ক: সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত এবং নিরাপদ রাখতে র‌্যাবের ধারাবাহিক অভিযানের মধ্যে একযোগে চারটি জলদস্যু বাহিনীর ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন। গত ৩১ আগস্ট সুন্দরবনে সক্রিয় এসব বাহিনীর সদস্যরা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর ৮ জন রয়েছেন। সব মিলিয়ে আত্মসমর্পণ করেছেন ৫২ জন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) র‌্যাব-৬ সদর দপ্তর, খুলনা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ওপর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ধরে সুন্দরবনে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বনজীবী ও স্থানীয় মানুষের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে এর আগে সুন্দরবনের বিভিন্ন জলদস্যু ও বনদস্যু বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আত্মসমর্পণ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা এবং পূর্বে আত্মসমর্পণকারীদের কয়েকজনের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়।

একই সঙ্গে জেলে ও বনজীবীদের অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনাও সামনে আসে।
এ পরিস্থিতিতে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করে। র‌্যাব-৬সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক তৎপরতা, সুন্দরবনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার কারণে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন।