যুক্তরাষ্ট্রে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় গুলি করে নিজের ৭ সন্তানসহ ৮ শিশুকে হত্যা করেছেন শামার এলকিন্স নামে এক ব্যক্তি। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।
স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভেপোর্ট শহরে ঘটে নৃশংস এ ঘটনা।
শ্রিভেপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বোর্ডেলন বলেন, রোববার ভোরে শ্রেভপোর্টের দুটি বাড়িতে চালানো এই হামলায় নিহতদের বয়স এক থেকে প্রায় ১২ বছরের মধ্যে। আহত প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন ছিলেন সন্দেহভাজনের সন্তানদের মা।
বোর্ডেলন বলেন, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে গুলি করলে মারা যান ওই বন্দুকধারী।
এ ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেননি তদন্তকারীরা। বোর্ডেলন বলেন, এখনও অনেক কিছু তদন্ত করা বাকি আছে। তবে, গোয়েন্দাদের ধারণা পারিবারিক কলহের জেরেই ঘটেছে এ হত্যাকাণ্ড।









