বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান।

সেখানে তিনি জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণ করেন।

সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া তিনি সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

Ads small one

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর তীব্র বাগ্‌বিতণ্ডা

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে গত সপ্তাহান্তে এক টেলিফোন আলাপে চরম উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানে পুনরায় সামরিক হামলা শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্যের জেরে এই তীব্র আলোচনা হয় বলে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে নেতানিয়াহুর কার্যালয় ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। তার কার্যালয় থেকে দাবি করা হয়, ‘ভুয়া খবর, সম্পূর্ণ অর্থহীন’। ইসরায়েলের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও জানান, আলোচনাটি মোটেও কঠিন কিছু ছিল না।

এর আগেও ইরান সংঘাত নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপের নজির রয়েছে। গত জুনে কয়েক দফা মতবিরোধের পর ট্রাম্প দ্য পোস্টকে জানিয়েছিলেন, এক ফোনালাপে তিনি নেতানিয়াহুকে ‘পাগল’ বলে অভিহিত করেছিলেন।

মঙ্গলবার ইসরায়েলের ২৬তম নেসেটের শপথ অনুষ্ঠানে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইরান সক্রিয়ভাবে তাদের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনে কাজ করছে এবং দেশটির বর্তমান শাসকগোষ্ঠীকে উৎখাত করাই এর একমাত্র স্থায়ী সমাধান। তিনি বলেন, এই অস্তিত্বের হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহদের শাসনব্যবস্থার পতন ঘটানো।

অন্যদিকে ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে পুনরায় হামলা শুরু করার জন্য ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু প্রতিদিন তাকে ফোন করছেন। আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, যুদ্ধ পুনরায় শুরু করতে নেতানিয়াহু তাকে প্রতিদিন ফোন করছেন। হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে যারা যুদ্ধ চান না, তারা এটি ঠেকানোর চেষ্টা করছেন।

ওই ব্যক্তি আরও জানান, আঞ্চলিক নেতারাও ট্রাম্পকে সংঘাত না বাড়িয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন। নেতানিয়াহুর এই তৎপরতায় আরব ও মুসলিম নেতারা উদ্বিগ্ন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে নেতানিয়াহুর অব্যাহত চাপ সত্ত্বেও ট্রাম্প এখনই সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেই প্রাধান্য দিচ্ছেন। গত রবিবার সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে যুদ্ধ পুনরায় শুরু করবেন কি না জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি মনে করেন এর কোনও কারণ নেই।

সূত্র: এনডিটিভি

রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে ও নামবে এই উড়োজাহাজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে ও নামবে এই উড়োজাহাজ

গাড়িতে যাওয়ার জন্য পথটা বেশ দীর্ঘ, আবার উড়োজাহাজে যাওয়ার জন্য খুবই কাছে; আধুনিক ভ্রমণের এমন বিড়ম্বনা দূর করতে নতুন এক হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রা। উড্ডয়ন ও অবতরণের জন্য ইএল৯ আল্ট্রা শর্ট নামের এই উড়োজাহাজটির প্রচলিত কোনও রানওয়ের প্রয়োজন নেই; মাত্র ১৫০ ফুট সমতল জায়গাই এর জন্য যথেষ্ট।

ইলেকট্রার প্রধান নির্বাহী মার্ক অ্যালেন বলেন, এয়ারলাইন ব্যবসা যত বড়ই হোক না কেন, এটি আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারে না। মহাদেশ পাড়ি দেওয়ার জন্য এটি দারুণ, কিন্তু আঞ্চলিক যাতায়াতের জন্য ভালো নয়।

টার্বোজেনারেটর ও আটটি ইলেকট্রিক মোটরযুক্ত এই উড়োজাহাজ ৯ জন যাত্রী বা ৩ হাজার পাউন্ড মালামাল নিয়ে ৩৮০ মাইল পর্যন্ত উড়তে সক্ষম। সাধারণ জেট ফুয়েলে চলা গ্যাস টারবাইন ইঞ্জিনের মাধ্যমে মাঝ-আকাশেই এর ব্যাটারি চার্জ হয়, যা তুলনামূলক উড়োজাহাজের চেয়ে ৪০ শতাংশ কম জ্বালানি পোড়ায় এবং হেলিকপ্টারের চেয়ে এর পরিচালনা খরচ ৭০ শতাংশ কম। উড্ডয়নের সময় এটি ভ্যাকুয়াম ক্লিনারের মতো মাত্র ৭৫ ডেসিবেল শব্দ তৈরি করে।

ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে উড্ডয়নে সক্ষম এই উড়োজাহাজের অভিজ্ঞতাকে ‘লিফটের মতো’ উল্লেখ করে মার্ক অ্যালেন বলেন, এটি খুব মসৃণভাবে সোজা ওপরে উঠে যায়। তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই আপনি আকাশে থাকবেন এবং আশপাশে তাকিয়ে মনে হবে, ওহ, আমি তো পাঁচ-ছয় তলা ওপরে উঠে গেছি।

পার্কিং লট, হেলিপোর্ট বা খোলা মাঠে নামতে পারায় এটি যানজট ও বিমানবন্দরের দীর্ঘ অপেক্ষা এড়িয়ে ‘ডিরেক্ট অ্যাভিয়েশন’-এর যুগ সূচনা করবে। তবে প্রাইসওয়াটারহাউসকুপারসের (পিডব্লিউসি) পরিচালক আলেকজান্ডার বুচকোস্কি জানান, এই খাতের জন্য নীতিমালা ও সনদ অর্জন এবং খরচ ও ব্যবহারের ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে, দুটো একসঙ্গে না মিললে সেবাটি যাত্রীদের নাগালের বাইরে চলে যাবে অথবা লোকসানে চলবে।

ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন অপারেটর থেকে ২ হাজার ২০০টির বেশি প্রি-অর্ডার পেয়েছে ইলেকট্রা, যার মূল্য ১৫ বিলিয়ন ডলার। ২০২৭ সালের শেষে নরওয়েতে পরীক্ষা চালানোর পর ২০৩০ সালে এর বাণিজ্যিক সেবা শুরুর লক্ষ্য রয়েছে। মার্কিন বিমান, সেনা ও নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ এই উড়োজাহাজ ভবিষ্যতে ব্ল্যাক হক হেলিকপ্টারের বিকল্প হতে পারে। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পর্কে অ্যালেন বলেন, মাটিতে থাকা অবস্থায় এটি একটি জেনারেটর। এই উড়োজাহাজ থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ১৫টি বাড়ি চালানো সম্ভব।

তবে ১ কোটি ডলার দাম হওয়ায় ব্যক্তিগত ব্যবহারের জন্য সাধারণ মানুষকে আরও একটি প্রজন্ম অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

সূত্র: সিএনএন

বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা

বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারের পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সভাপতি জাসওয়ার উমর। একইসঙ্গে আগামী আট মাসের মধ্যে দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু করেছেন বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে শ্রীলঙ্কার শিরোপার স্বপ্ন শেষ হয়েছে। এই হতাশাজনক পারফরম্যান্সের পর দেশটির ফুটবল সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জাসওয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, সাফের ফাইনালে শ্রীলঙ্কাকে দেখার স্বপ্ন ছিল সমর্থকদের পাশাপাশি ফুটবল ফেডারেশনেরও।

জাসওয়ার লিখেছেন, ‘জাতীয় দলের প্রতি প্রত্যাশা ও উদ্দীপনা নিয়ে সমর্থন জানানো শ্রীলঙ্কার জনগণ এবং বিশেষ করে আমাদের প্রিয় ফুটবল সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাফের ফাইনালে আমাদের দলকে দেখার স্বপ্ন আপনাদের যেমন ছিল, আমাদেরও তেমনই ছিল।’

বিশ্ব ফুটবলে নিষেধাজ্ঞার ধাক্কা কাটিয়ে শ্রীলঙ্কার ফুটবলকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তার মতে, খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, পারফরম্যান্সের উন্নতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল গঠনই ছিল তাদের মূল লক্ষ্য।

এর প্রমাণ হিসেবে ফিফা র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার উন্নতির কথাও তুলে ধরেছেন জাসওয়ার। তার দাবি, ২০৭তম স্থান থেকে শ্রীলঙ্কা এখন ১৮৪তম স্থানে উঠে এসেছে। প্রায় ১৫ বছর ধরে ২০০-এর নিচে থাকা একটি দেশের জন্য এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছেন তিনি।

তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। ভুল এবং চাপের কারণে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি শ্রীলঙ্কা। কিন্তু একটি পরাজয় দিয়ে পুরো দলের মূল্যায়ন করতে চান না ফেডারেশন সভাপতি।

জাসওয়ারের ভাষ্য, ‘এই একটি পরাজয়ের কারণে দলের মূল্য কিংবা এখন পর্যন্ত আমাদের অর্জন করা অগ্রগতি খাটো করে দেখা উচিত নয়। এই দলই এর আগে উচ্চতর ফিফা র‌্যাঙ্কিংয়ে থাকা কয়েকটি দেশকে হারিয়ে শ্রীলঙ্কার জন্য গর্ব ও নতুন আশার সঞ্চার করেছে।’

গত দুই বছরে জাতীয় দল ১২টি জয় এবং ছয়টি ড্র করেছে বলেও জানিয়েছেন তিনি। তাই সমর্থকদের প্রতি তার আহ্বান, শুধু জয়ের সময় নয়, কঠিন সময়েও দলের পাশে থাকতে হবে।

আগামী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন জাসওয়ার। আট মাসের মধ্যে দলকে আরও শক্তিশালী করে ফেরানোর পাশাপাশি পরবর্তী সাফ শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন তিনি।

এ প্রসঙ্গে জাসওয়ার বলেছেন, ‘পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ প্রায় আট মাসের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রতিযোগিতা শ্রীলঙ্কায় আয়োজনের সম্ভাবনা নিয়ে আমি ইতোমধ্যে আলোচনা করছি। এটি আমাদের জাতীয় দল, ফুটবল সমর্থক এবং পুরো ফুটবল সম্প্রদায়ের জন্য দারুণ একটি সুযোগ হতে পারে।’

শ্রীলঙ্কায় ফুটবল নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ফেডারেশন সভাপতি। তাঁর মতে, পাঁচ বছর আগেও দেশজুড়ে ফুটবল নিয়ে এমন আলোচনা ও আগ্রহ ছিল না। এখন ফুটবল আবার জাতীয় আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।

এই আগ্রহ তৈরিতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে জাসওয়ার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে আরও অনেক কাজ বাকি রয়েছে বলেও স্বীকার করেছেন তিনি।

সবশেষে শ্রীলঙ্কার জনগণের প্রতি তার বার্তা, একটি পরাজয়ে থেমে যাওয়ার সুযোগ নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে দল গড়তে চান তারা। তার প্রত্যয়, ‘আমরা শিখবো, আবার গড়ে উঠবো এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আবার ঘুরে দাঁড়াবে শ্রীলঙ্কা।’