বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

রাফীকে ধন্যবাদ জানিয়ে যা লিখলেন তমা মির্জা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
রাফীকে ধন্যবাদ জানিয়ে যা লিখলেন তমা মির্জা

একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে অভিনয়শিল্পীর দক্ষতার পাশাপাশি পরিচালকের দৃষ্টিভঙ্গিও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী তমা মির্জা। ‘আমলনামা’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে পেয়ে পরিচালক রায়হান রাফীর অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি। রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে রাফীর সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের এই অনুভূতির কথা প্রকাশ করেন তমা।

পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খানপরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান
২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড-এ সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। ‘আমলনামা’য় অভিনয়ের জন্য পাওয়া এই বিশেষ স্বীকৃতিতে অত্যন্ত আনন্দিত এই অভিনেত্রী সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রায়হান রাফীকে। তমার মতে, পরিচালকের সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গিই চরিত্রটিকে পর্দায় এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সহায়তা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে তমা মির্জা লিখেছেন, ২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিচালক রায়হান রাফীর প্রতি, যার সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি ‘আমলনামা’য় আমার চরিত্রটিকে এত সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে।

পরিচালকের প্রতি ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেন, আমার ওপর আস্থা রাখা, চরিত্রটি নিয়ে কাজ করার স্বাধীনতা দেওয়া এবং এই ইন্ডাস্ট্রিতে আমার পথচলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি এবং ‘আমলনামা’ টিমের প্রত্যেক সদস্যের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই অর্জন সবসময় আমার হৃদয়ে বিশেষ একটি জায়গা দখল করে থাকবে।

Ads small one

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম ও শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী ও সেক্রেটারি আবু রাসেল আশকারী এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ এবং খামারিদের প্রশিক্ষণ জরুরি। পরিকল্পিত উৎপাদন বাড়ানো গেলে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ বাড়বে।

এ সময় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন, দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরোপ্রধান শেখ শরিফুল ইসলামসহ খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পত্রদূত ডেস্ক: কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মোমিন। প্রধান অতিথি ছিলেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।

এ ছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, একাত্তর টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজিবসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দুই বছরের পথচলায় রূপালী বাংলাদেশ বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। প্রান্তিক ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পত্রিকাটি এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতারা জেলা প্রতিনিধি আব্দুল মোমিনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সাতক্ষীরা মেডিকেলে ফাইব্রোস্ক্যান বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা মেডিকেলে ফাইব্রোস্ক্যান বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

পত্রদূত ডেস্ক: লিভারের জটিল রোগ নির্ণয়ে প্রচলিত বায়োপসির বিকল্প হিসেবে আধুনিক প্রযুক্তি ফাইব্রোস্ক্যান ব্যবহারের মাধ্যমে মাত্র ৫ থেকে ৮ মিনিটে ব্যথামুক্তভাবে লিভারের অবস্থা নির্ণয় করা সম্ভব। এ প্রযুক্তিতে ফ্যাটি লিভার ও লিভার সিরোসিসের অবস্থা শনাক্ত করা যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে ফাইব্রোস্ক্যান প্রযুক্তি এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান।

ফ্রান্সের চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ইকোসেন্সের পরিবেশক কেএনএস কানাডা বিডির আয়োজনে এবং হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আশফাক আহমেদ সিদ্দিকী এবং কেএনএস কানাডা বিডির বাংলাদেশ কান্ট্রি হেড ডা. তাসরিনা রহমান।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, ফাইব্রোস্ক্যান একটি আধুনিক ও ব্যথামুক্ত রোগ নির্ণয় পদ্ধতি। ফ্যাটি লিভার, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি, ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত ব্যক্তিদের লিভারের জটিলতা শনাক্ত করতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে লিভারের ক্ষত ও সিরোসিসের ঝুঁকি প্রাথমিক পর্যায়ে নির্ণয়ে এটি সহায়ক।

অনুষ্ঠানে কেএনএস কানাডা বিডির অ্যাডমিন ও এইচআর ম্যানেজার আহসানুল হকসহ সাতক্ষীরা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন, সাতক্ষীরায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির সহজলভ্যতা বাড়লে লিভারের জটিল রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি হবে।