রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেনের দাফন সম্পন্ন
Oplus_131072
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, প্রাক্তন ছাত্রনেতা ও প্রবীণ সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু আর নেই। শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে সাতক্ষীরা শহরের ইটাগাছায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মোশারাফ হোসেন মশু পারুলিয়া, আশাশুনি ও পাইকগাছা এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখসমরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। শনিবার বিকেল চারটায় পারুলিয়ায় তাঁর নিজ বাসভবনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার নেতৃত্বে দেবহাটা থানা-পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এর আগে দুপুরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন চত্ত্বরে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশুর প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বীর মািক্তযোদ্ধা জিললুল করিম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নূরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা এবিএম জালালউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার প্রমুখ। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সংসদ সদস্য মুফতি মুহাদ্দিস রবিউল বাসার। জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ওলিউল ইসলাম, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাবুদ গাজী ও সাবেক কমান্ডার আব্দুল বারী মোল্লা। জানাজায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফাসহ স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব, সহযোদ্ধা ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। জানাজা শেষে পারুলিয়ার সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।






