বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
লেবাননে ইসরায়েলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। এ ঘটনায় দেশটিতে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বুধবার দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় প্রথমে দুইজন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে দুটি যানবাহনে হামলা চালিয়েছে, যেগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল। পরে একই গ্রামের একটি ভবনে আরেকটি বিমান হামলায় এক সাংবাদিক আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। পরে স্থানীয় একটি সংবাদমাধ্যমের কর্মী আমাল খলিলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, আহত সাংবাদিক জেইনাব ফারাজকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি আহতদের উদ্ধার কার্যক্রম ব্যাহত করতে সড়কেও হামলার অভিযোগ উঠেছে।

লেবাননের তথ্যমন্ত্রী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায় না এবং উদ্ধার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।

এর আগে গত মাসেও দক্ষিণ লেবাননে একটি চিহ্নিত সংবাদমাধ্যমের গাড়িতে হামলায় তিন সাংবাদিক নিহত হন।

অন্যদিকে, একইদিনে দক্ষিণ লেবাননের ইয়োহমর আল-শাকিফ এলাকায় পৃথক হামলায় আরো দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

হিজবুল্লাহর পাল্টা দাবি

হিজবুল্লাহ জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তারা ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের একটি সামরিক অবস্থান লক্ষ্য করেছে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা একটি ড্রোন প্রতিহত করেছে।

গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের ধারাবাহিক হামলায় লেবাননে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

আগামী রবিবার মেয়াদ শেষ হতে যাওয়া যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলমান। লেবাননের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করবেন।

আহত হয়ে ফরাসি সৈন্যের মৃত্যু

রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গত সপ্তাহে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় দ্বিতীয় একজন ফরাসি সৈন্য মারা গেছেন। তিনি এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন। চিফ কর্পোরাল অ্যানিসেট জিরার্দিন নামের ওই সৈন্য ১৮ এপ্রিল গুরুতরভাবে আহত হন। মঙ্গলবার ফ্রান্সে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী, ইউনিফিল জানিয়েছে প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত পাওয়া গেছে, হামলাটি অরাষ্ট্রীয় পক্ষ, সম্ভবত হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো হয়েছিল। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা

Ads small one

সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সংবাদদাতা: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সামনে হতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এক র‌্যালি বের হয়।

 

র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার।

এসময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক রওশানারা জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, উন্নত বিশ্বে সকাল বেলা পুষ্টিকর খাবার খাওয়ানোর ক্ষেত্রে সচেতন আছে। আমাদের বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য পরিবার ও স্কুল-মাদরাসার শিক্ষকদের ভূমিকা রাখতে হবে, যে বাচ্চারা সকালে ডিমসহ পুষ্টিকর খাবার খেয়ে আসছে কি না। সুস্থ্য হিসেবে বাচ্চাকে গড়ে তুলতে হবে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে। একটি দেশকে এগিয়ে নিতে হলে, স্বনির্ভর বাংলাদেশ” গড়তে হলে অবশ্যই ছেলে মেয়েদের পুষ্টিকর সম্পন্ন খাবার খাওয়াতে হবে।

বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
বেনাপোলে নির্যাতনের পর হত্যা, মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

এম এ রহিম, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইউনুস আলী (৪৮) বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। সে বেনাপোল থেকে আমদানিকৃত মালামালের ট্রাকের সাথে পৌছে দেওয়ার (স্কট) কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

কেশবপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ইউপি সদস্যসহ ৪ জন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
কেশবপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ইউপি সদস্যসহ ৪ জন আটক

এম এ রহমান, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর চিংড়া ক্যাম্প পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে। এছাড়া কেশবপুরে সাজাপ্রাপ্ত একজন ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

চিংড়া ক্যাম্প পুলিশ সূত্রে জানা যায়, ২২ এপ্রিল বুধবার গোপন সূত্রের তথ্য অনুযায়ী চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ শামীম হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে আব্দুল হামিদ সরদারের ছেলে মোঃ মেহেদী হাসান (২২)কে ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

 

একই দিনে আরেক অভিযানে হাসানপুর ইউনিয়নের সুড়িঘাটা বাজার এলাকা থেকে জামালপুর জেলার গানকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন (২৩) ও উপজেলা নেহালপুর গ্রামের শাহ আলমের ছেলে সাকিবুল হাসান (১৫) কে আটক করে। চিংড়া বাজার ক্যাম্প পুলিশ আটককৃতদের মাদক সেবন ও রাখার অপরাধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইন জানান, আটককৃতদের মোবাইল কোর্ট আইনে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে ।

এদিকে, যশোরের কেশবপুরে আদালতের সাজাপ্রাপ্ত আসামি ও ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল গফুর (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানা পুলিশের অভিযানে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আব্দুল গফুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং চুয়াডাঙ্গা গ্রামের আমজাদ সরদারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আদালতের দেয়া সাজা পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।