মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লোকালয়ে বাঘ, ড্রোনে তল্লাশি; আতঙ্কে পাঁচ গ্রামের মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
লোকালয়ে বাঘ, ড্রোনে তল্লাশি; আতঙ্কে পাঁচ গ্রামের মানুষ

পত্রদূত ডেস্ক:

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের বিচরণ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাউথখালী ইউনিয়নের পাঁচ গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। বাঘের অবস্থান শনাক্ত করতে ড্রোন উড়িয়ে তল্লাশি চালাচ্ছে বন বিভাগ। পাশাপাশি মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর রাতে পশ্চিম সোনাতলা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদার টর্চলাইটের আলোয় একটি বাঘ দেখতে পান বলে দাবি করেন। পরদিন সকালে ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান কৃষক সরোয়ার হাওলাদার। পরে বাড়ির আঙিনা, বাগান ও নদীর চরেও পায়ের ছাপ পাওয়া যায়।

কমিউনিটি প্যাট্রল গ্রুপের (সিপিজি) টিম লিডার মো. খলিল জোমাদ্দার জানান, খবর পেয়ে বন বিভাগ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও সিপিজির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভিন্ন স্থানে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া গেছে। তবে বাঘটি এখনো লোকালয়ে আছে, নাকি বনে ফিরে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, বাঘের সন্ধানে ড্রোন দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি বনরক্ষী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। বনসংলগ্ন প্রায় ১০ কিলোমিটার এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মাইকিং করে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এক সপ্তাহের ব্যবধানে আবারও বাঘের উপস্থিতির খবরে পূর্ব সোনাতলা, পশ্চিম সোনাতলা, পানিরঘাট, মডেল বাজার ও বকুলতলা গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বন বিভাগের পরামর্শ, বাঘের উপস্থিতি টের পেলে সেটিকে তাড়া না করে নিরাপদ দূরত্বে থেকে দ্রুত খবর দিতে হবে।

Ads small one

শিশুদের সুরক্ষায় সংঘাত বন্ধের আহ্বান চীনের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
শিশুদের সুরক্ষায় সংঘাত বন্ধের আহ্বান চীনের

শিশুদের সুরক্ষার সবচেয়ে সরাসরি ও কার্যকর উপায় হলো সংঘাত ও সহিংসতা বন্ধ করা। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন।

সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।

তিনি বলেন, সংঘাতের সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি মেনে চলতে হবে, শত্রুতা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে। একই সঙ্গে শিশু ও বিদ্যালয়সহ বেসামরিক মানুষ এবং বেসামরিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকতে হবে।

ফু ছোং বলেন, সব পক্ষের উচিত অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তার ধারণা অনুসরণ করা। সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর সংকটের রাজনৈতিক সমাধানে এগিয়ে আসা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংঘাতকবলিত এলাকায় মানবিক সহায়তা বাড়ানো এবং সেখানে প্রবেশের সুযোগ নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে শিশুদের প্রয়োজনীয় সহায়তা ও মানসিক সেবা যথাসময়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

শিশুদের সুরক্ষা ব্যবস্থা উন্নত করা এবং লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন চীনা প্রতিনিধি।

ফু ছোং উল্লেখ করেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, হাইতি ও অন্যান্য অঞ্চলের শিশুরা সংঘাত ও সহিংসতার সম্মুখসারিতে রয়েছে। দীর্ঘদিন ধরে তারা গুরুতর অধিকার লঙ্ঘন ও নানা হুমকির শিকার হচ্ছে। শিশুদের বিরুদ্ধে নির্বিচার নির্যাতন ও নিপীড়নের ঘটনায় কঠোর জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্যোগকে সমর্থন করে চীন।

জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি ভেনেসা ফ্রেজিয়ারের দায়িত্ব পালনের প্রতিও সমর্থন জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ ও প্রতিবেদন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আফ্রিকান ইউনিয়নের (এইউ) সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য প্রথম বিশেষ দূত হিসেবে জাইনাবা জাগনের নিয়োগকে স্বাগত জানিয়েছে চীন। সংঘাতকবলিত দেশগুলোর শিশু সুরক্ষার সক্ষমতা বাড়াতে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিও সমর্থন জানিয়েছে দেশটি।

সূত্র: সিএমজি

শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারে ইংল্যান্ডের বিদায়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের হারে ইংল্যান্ডের বিদায়

সমীকরণ ছিল এমন- পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হারই ছিল ইংল্যান্ডের ফাইনালে ওঠার শেষ ভরসা। কিন্তু লাহোরে মঙ্গলবার স্বাগতিকদের অসহায় আত্মসমর্পণে সেই আশাও শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের ৮ উইকেটের হারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছে ইংল্যান্ড।

তিন ম্যাচেই হেরেছে হ্যারি ব্রুকের দল। তাই আজ যদি শ্রীলঙ্কাকে পাকিস্তান হারিয়ে দিতো, তাহলে ইংল্যান্ডের সামনে সুযোগ ছিল বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে শনিবারের ফাইনালে জায়গা করে নেওয়ার।

কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ২৫.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। জবাবে ২ উইকেট হারিয়ে মাত্র ১৮.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ফলে বৃহস্পতিবার ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচটি এখন নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে দাপুটে বোলিংয়ে শনিবারের ফাইনালের আগে নিজেদের শক্তির জানান দিয়েছে শ্রীলঙ্কা। বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা ৩৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন। তার বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন বাবর আজম। ২৪ রানে দুটি নেন সাহান আরাচ্চিগে।

জবাবে উদ্বোধনী ব্যাটার কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৬২ রানের ইনিংসে দ্রুত জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ৬০ বলে ৬২ রান করে দলকে লক্ষ্যে পৌঁছে দেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। পাভান রত্নায়েকে ২৩ রানে অপরাজিত থাকেন।

‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
‘সিআইডি’ কারিগর বিপি সিং আর নেই

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা ও প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং (বিপি সিং) আর নেই। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা।

বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন সিনটা–সংশ্লিষ্ট প্রতিনিধি অমিত বেহল।

প্রায় তিন দশক ধরে বিপি সিংয়ের সঙ্গে কাজ করেছেন তিনি। নির্মাতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এবং সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র দয়ার অভিনেতা দয়ানন্দ শেঠিও।

অমিত বেহল স্মৃতিচারণা করে বলেন, ‘আহট’ ও ‘সিআইডি’র মতো আলোচিত ধারাবাহিকের মধ্য দিয়ে বিপি সিংয়ের সঙ্গে তার সম্পর্ক প্রায় ৩০ বছরের। কারিগরি বিষয়ে বিপি সিংয়ের দক্ষতা ও জ্ঞান ছিল অসাধারণ। বাইরে থেকে তাকে কঠোর মনে হলেও ভেতরে তিনি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল ও সহযোগিতাপরায়ণ। অমিতের কাছে তিনি ছিলেন বাবার মতো একজন মানুষ।

সিআইডিতে দয়ার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া দয়ানন্দ শেঠি বলেন, ‘বিপি সিংয়ের জীবনে কাজের বাইরে যেন আর কিছুই ছিল না। কাজের প্রতি তার নিবেদন ও ভালোবাসা ছিল প্রবল। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার কাজেও তিনি ছিলেন অন্যতম সেরা। বেশ কিছুদিন ধরেই তার শরীর ভালো যাচ্ছিল না।’

দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে