শার্শায় অসাবধানতাবশত মোটরের সুইচে হাত দিয়ে শিশুর মৃত্যু
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় স্কুল থেকে বাড়ি ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চটকাপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন চটকাপোতা গ্রামের মাহমুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুস্তাকিন স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোওয়ার জন্য পানির মোটরের সুইচ দিতে যায়। এ সময় অসাবধানতাবশত পরিবাহী তারের সংস্পর্শে এলে সে বিদ্যুতায়িত হয়। স্বজনেরা একটি কাঠের সাহায্যে বিদ্যুতের সংযোগ থেকে তাকে মুক্ত করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. সুখেন্দু কুমার মজুমদার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









