বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

শার্শায় সংবাদ প্রকাশের জেরে ৭ সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
শার্শায় সংবাদ প্রকাশের জেরে ৭ সাংবাদিকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ

বাগআঁচড়া (শার্শা) প্রতিনিধি: যশোরের শার্শায় ‘সাংবাদিক’ আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের খবর প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করার ঘটনা ঘটেছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব না দিয়ে পুলিশের কাছে পাল্টা লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় মূলধারার সাংবাদিকরা।

অভিযোগের শিকার সাংবাদিকরা হলেন বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদ, নাভারন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রানার পত্রিকার প্রতিনিধি মোফাজ্জল হোসেন রাজু, বেনাপোল বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক প্রভাতফেরী পত্রিকার প্রতিনিধি মাসুদুর রহমান শেখ, বাগআঁচড়া প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি সোহাগ হোসেন, আইসিটি সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি শাহারুল ইসলাম রাজ এবং স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হাসানুল কবির।

স্থানীয় সাংবাদিকেরা উল্লেখ করেন, তাঁরা কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, বরং থানায় ভুক্তভোগীদের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছেন। প্রকাশিত সংবাদে কোনো ভুল থাকলে নিয়মানুযায়ী প্রতিবাদ বা সংশোধনের পথ খোলা থাকা সত্ত্বেও এভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া বাকস্বাধীনতার ওপর হামলা ও হয়রানি ছাড়া আর কিছুই নয়।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আরিফ হোসেনের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি সাত সাংবাদিকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে, যা তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, “আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং সেগুলোও তদন্তাধীন। তদন্তে সত্যতা প্রমাণিত হলে আসাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Ads small one

আন্তর্জাতিক যুব দিবসে টিআইবির ৯ দফা সুপারিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
আন্তর্জাতিক যুব দিবসে টিআইবির ৯ দফা সুপারিশ

“জলবায়ুর অভিঘাত মোকাবিলা ও টেকসই উন্নয়নে দুর্জয় তারুণ্য”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ১১টি যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সনাক সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সনাক-ইয়েস উপকমিটির যুগ্ম আহ্বায়ক ভারতেশ্বরী বিশ্বাস। ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য হেনা পারভীন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সভায় টিআইবি ও সনাকের পক্ষে ৯ দফা সুপারিশ পেশ করা হয়। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— তরুণদের উদ্ভাবনী উদ্যোগে আর্থিক সহায়তা ও স্বীকৃতি প্রদান, তারুণ্যনির্ভর জাতীয় জলবায়ু কৌশল প্রণয়ন, প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা, তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা তহবিল গঠন, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি সব নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সনাক সহ-সভাপতি ইয়াছীন ছিদ্দীকী, সদস্য প্রফেসর আব্দুল হামিদ, আবুল বাসার পল্টু ও ইয়েস আহ্বায়ক মো. অলিউর রহমান। বিডি ক্লিন, রেড ক্রিসেন্টসহ ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা জলবায়ু ঝুঁকি হ্রাসে তরুণদের ভূমিকা নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সনাকের এরিয়া সমন্বয়কারী আল-আমিন। প্রেসবিজ্ঞপ্তি

 

বুড়িগোয়ালিনীতে বিএনপির আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
বুড়িগোয়ালিনীতে বিএনপির আলোচনা সভা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে এ সভা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ নাজমুল হক বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। তিনি দলের হাতকে শক্তিশালী করতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা দলীয় কার্যক্রম আরও গতিশীল করা এবং এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা

মুজিবর রহমান: মৎস্য ঘেরের আইলে সবজি আর নিচের পানিতে মাছ—সমন্বিত এই চাষ পদ্ধতিতে নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার কৃষকেরা। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুপাশে ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন শত শত পরিবার।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, নগরঘাটা, সরুলিয়া, খলিষখালীসহ আশপাশের ইউনিয়নগুলোতে ব্যাপকভাবে এ পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। ঘেরের আইলে উৎপাদিত এসব সবজি সম্পূর্ণ ভেজালমুক্ত ও বিষমুক্ত।

সরেজমিনে দেখা গেছে, নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদাহ বিলে শত শত হেক্টর ঘেরের আইলে মাচায় ঝুলছে লাউ, মিষ্টি কুমড়া, করলা, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ঝিঙে ও লালশাক। কোনো কোনো ঘেরের বেড়িবাঁধে তরমুজ চাষেও সফলতা এসেছে।

পাটকেলঘাটার কৃষক শহিদুল ইসলাম জানান, ৩ বিঘা ঘেরে বাঁশ ও নেট দিয়ে মাচা তৈরিতে তাঁর খরচ হয়েছিল প্রায় ৬ হাজার টাকা। ইতোমধ্যে উৎপাদিত সবজি বিক্রি করে তাঁর আয় ৫০ হাজার টাকা ছাড়িয়েছে। পানি শুকিয়ে গেলে এই জমিতেই ধানের চাষ করবেন তিনি। আরেক কৃষক আব্দুর রহিম সরদার জানান, মাচা দুই-তিন বছর পর পর তৈরি করতে হয় বলে উৎপাদনের খরচ অনেক কমে যায়।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সমন্বিত এ পদ্ধতিতে মাছ ও সবজি চাষে চাষিদের সার্বিক কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছেন মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা।