শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশ্ব টয়লেট দিবস-২০২৬ পালিত হয়েছে। রূপান্তরের উদ্যোগে ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ক্লাইম্ব প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ টয়লেট, সমতার আগামী’।
অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, সংরক্ষিত ইউপি সদস্য সাজিদা খাতুন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা বদরুদ্দোজা।
দিবসটি উপলক্ষে নিরাপদ স্যানিটেশন বিষয়ে আলোচনা, স্বাস্থ্যকর ও অস্বাস্থ্যকর টয়লেট পরিদর্শন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও অঙ্গীকারের দেয়াল কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নারী, শিশু, কিশোর-কিশোরী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুস্বাস্থ্যের পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার জন্য জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।