শ্যামনগরে উৎসবমুখর পরিবেশে মঞ্চস্থ সামাজিক যাত্রাপালা ‘সাত পাকে বাঁধা’
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নূরনগর দাসকাটি হরি মন্দির প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঞ্চস্থ হলো বর্ণাঢ্য সামাজিক যাত্রাপালা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হয়ে বুধবার ভোর ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই আয়োজন স্থানীয়দের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
সাতক্ষীরার সাংস্কৃতিক সংগঠন ‘মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থা’র পরিবেশনায় ওপার বাংলার নটনাট্যকার রঞ্জন দেবনাথ রচিত “সাত পাকে বাঁধা” শিরোনামের যাত্রাপালাটি মঞ্চস্থ হয়। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন জনপ্রিয় গায়ক ও নায়ক কুমার দেবু এবং যাত্রা লক্ষ্মী বাসন্তী রানী সাহা। তাদের প্রাণবন্ত অভিনয়, তীক্ষè সংলাপ এবং চমৎকার সংগীত পরিবেশনা পুরো রাতজুড়ে দর্শকদের মুগ্ধ করে রাখে।
যাত্রাপালা উপলক্ষ্যে হরি মন্দির সংলগ্ন মাঠে বসেছিল হরেক রকমের গ্রাম্য মেলা। শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে এলাকাটি এক মিলনমেলায় পরিণত হয়। গ্রামীণ সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন কেবল বিনোদনই নয়, বরং এলাকাবাসীর মধ্যে সামাজিক সম্প্রীতির এক অনন্য বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু মহাদেব চন্দ্র মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখা হবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও নির্বিঘেœ সম্পন্ন করতে শ্যামনগর থানা পুলিশ সার্বিক নিরাপত্তা প্রদান করে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো, যার ফলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সব মিলিয়ে, নূরনগর দাসকাটি হরি মন্দির প্রাঙ্গণের এই সামাজিক যাত্রাপালাটি এলাকাবাসীর জন্য এক আনন্দঘন ও স্মরণীয় রাত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।












