শ্যামনগরে গোয়ালের বর্জ্য ফেলা নিয়ে বিরোধ: দম্পতির ওপর হামলা, হাসপাতালে ভর্তি
সংবাদদাতা: শ্যামনগর উপজেলায় পরিবেশ দূষণের প্রতিবাদ করায় এক দম্পতিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত স্বামী-স্ত্রী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত ব্যক্তিরা হলেন শৈলখালী গ্রামের মৃত ইমাম আলী গাজীর ছেলে সিদ্দিক গাজী (৫৫) ও তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৪৬)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিক গাজীর বসতঘরের পাশেই প্রতিপক্ষ আবুল শেখের গরুর গোয়ালঘর। গতকাল দুপুর ১২টার দিকে আবুল শেখ গোয়াল পরিষ্কার করার সময় বর্জ্য ও ময়লা সিদ্দিক গাজীর আঙিনায় ফেলেন। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে জানিয়ে সিদ্দিক প্রতিবাদ করেন। এরই জেরে আবুল শেখ, তাঁর ভাই রহমান শেখ ও ছেলে জাকির হোসেন লাঠি ও শাবল নিয়ে সিদ্দিক গাজীর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় স্বামীকে বাঁচাতে মনোয়ারা বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও পিটিয়ে জখম করেন। পরে তাঁদের ছেলে সাইফুল গাজী স্থানীয়দের সহায়তায় মা-বাবাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেন।









