বনদস্যুদের দৌরাত্ম্যে জীবিকা সংকট, শিক্ষা রক্ষায় সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ
পত্রদূত ডেস্ক: সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির কারণে বনজীবীদের জীবিকা বন্ধ হয়ে পড়ায় শিক্ষা ও পরিবার রক্ষার দাবিতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপকূলীয় শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠ থেকে এ কর্মসূচি শুরু হয়।
বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উপকূলীয় সড়ক মুখর করে তোলে। কর্মসূচি শেষে খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায় তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, সুন্দরবনে অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবার আর্থিক সংকটে পড়েছে। এতে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। কেউ কেউ পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে যেতে বাধ্য হচ্ছে।
শিক্ষার্থী রাসেল রানা বলেন, বাবা-মায়ের বেকারত্ব তাদের বই-খাতা কেড়ে নিচ্ছে। বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানান তিনি। শিক্ষার্থী সাকিলা পারভীন বলেন, দস্যুদের ভয়ে তাঁর বাবা বনে যেতে পারছেন না। সংসারে খাবার ও পড়াশোনার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। হিরা মনি বলেন, বনদস্যুদের কারণে একটি প্রজন্মের শিক্ষাজীবন অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিভাবক মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম বলেন, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। তাঁরা দ্রুত সহায়তা ও বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদনীমুখা এম এম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল রানা, চাঁদনীমুখা পরিজান আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ হোসেন, সাকিলা পারভীন, আশুরা খাতুন, অয়েস কুরুনী, মুন্নি আক্তার, রাকিব হোসেন, টুটুল, জিল্লুর রহমান ও হিরা মনি।
খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান। শিক্ষকদের পক্ষে সংহতি জানান আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।






