শ্যামনগরে মুন্ডা জনগোষ্ঠীর ডিজিটাল নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা নিয়ে সভা
সংবাদদাতা: শ্যামনগরে মুন্ডা নারী ও যুবদের জলবায়ু সহনশীলতা এবং ডিজিটাল নেতৃত্ব উন্নয়নে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকালে শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘ভয়েস অব চেঞ্জ: ডিজিটাল লিডারশিপ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ফর মুন্ডা উইমেন অ্যান্ড ইউথ’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এ সভার আয়োজন করে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী মো. কবীর আলম। সভায় জানানো হয়, শ্যামনগর উপজেলার কৈখালী, রমজাননগর, শ্যামনগর সদর, ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নে বসবাসরত মুন্ডা জনগোষ্ঠীর নারী ও যুবদের নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো তাঁদের জলবায়ু সহনশীলতা, ডিজিটাল নেতৃত্ব, অর্থনৈতিক সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা।
পাশাপাশি জলবায়ু-সহনশীল আয়বর্ধক কর্মকা-ে সম্পৃক্ততা, সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই জীবিকার মাধ্যমে সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা।






