সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্বাস
যশোর প্রতিনিধি: কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখার ১৩তম জেলা সম্মেলনে সর্বসম্মতিক্রমে সোহরাব উদ্দিন মাস্টারকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) যশোর টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে কৃষক ও কৃষি উৎপাদন রক্ষায় সার, বীজ, কীটনাশক ও সেচের বিদ্যুৎ-ডিজেল বিনামূল্যে সরবরাহ এবং অন্যান্য কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে উৎপাদন খরচ কমানোর দাবি জানানো হয়।
সম্মেলনে বক্তারা বলেন, চলতি বছর আলু, পেঁয়াজ, ধান, চামড়া ও পাটের ন্যায্যমূল্য থেকে কৃষক বঞ্চিত হয়েছেন। অন্যদিকে ভূমিহীন, দরিদ্র কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষকে উচ্চমূল্যে কৃষিপণ্য কিনতে হচ্ছে। কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, ভূমিহীন ও দরিদ্র কৃষকদের মধ্যে খাসজমি বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী ও ভূমিহীন কৃষকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। কৃষি, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কা তুলে ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানান বক্তারা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বি এম শামীমুল হক, ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক ও নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আহাদ আলী লস্কর ও সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী সেজুতি শাকিলা, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন।
জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সম্মেলনে লিখিত রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনের ওপর আলোচনা করেন জেলা সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, যুগ্ম সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, জেলা দপ্তর সম্পাদক জাকির হোসেন মাস্টারসহ বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতারা।
সম্মেলনের শুরুতে সকাল সাড়ে ১১টায় শাহজাহান কবির দলীয় পতাকা এবং আশুতোষ বিশ্বাস জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলা সাড়ে ১২টায় শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির। পুরো কর্মসূচি পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।