সরকার শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে: প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে।
তিনি আজ (শুক্রবার) দুপুরে যশোর সেক্রেড হার্ট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল দল উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের শিক্ষা খাতে জিডিপির মোট দুই শতাংশ বরাদ্দ দিয়েছে। অতীতে কোনো সময়ই শিক্ষা খাতে এ ধরনের বরাদ্দ দেওয়া হয়নি। আগামীতে শিক্ষা খাতে বরাদ্দ আরও বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে তা জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করা হবে। এ ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না।
তিনি বলেন, আগামীর বাংলাদেশ যাদের চোখে দেখতে চাই এবং যাদের হাত দিয়ে দেশকে গড়ে তুলতে চাই, সেই শিশু-কিশোরদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তারা যেন জ্ঞান, দক্ষতা ও মেধার বিকাশ ঘটিয়ে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এবং বাংলাদেশকে একটি ঈর্ষণীয় অবস্থানে নিয়ে যেতে পারে, সেভাবেই আমাদের শিশুদের প্রস্তুত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও প্রতিযোগিতামূলক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখবে সরকার।
প্রতিমন্ত্রী বিদ্যালয়ের সাইন্স ও কম্পিউটার ল্যাবের পরিধি বাড়ানো এবং লাইব্রেরির উন্নয়ন করার অনুরোধ করেন। এ ক্ষেত্রে তিনি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সহযোগিতা করার আশ^াস দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার ভেরোনিকা যমুনা রোজারিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তথ্যবিবরণী












