সাতক্ষীরায় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত আগরদাঁড়ি মাদ্রাসা শাখার উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য ও কল্যাণ কামনায় এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২০ জুন) বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলার জামায়াত কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগরদাঁড়ি মাদ্রাসা থানা শাখার সভাপতি মোঃ মুহিব্বুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে বলেন, নৈতিকতা ও মেধার সমন্বয়ে শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে। পড়ালেখার পাশাপাশি নৈতিকতার দিক দিয়ে উত্তম চরিত্রের হতে হবে এবং ভালো রেজাল্ট করার মাধ্যমে পিতা মাতা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন পরীক্ষায় পরীক্ষার্থীদের আশানুরূপ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ এইচএসসি ও আলিম পরীক্ষার্থী অংশ নেন।






